নয়াদিল্লি: মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণ মামলায় ১২ দোষী সাব্যস্তকে বেকসুর খালাসের রায় দিয়েছিল বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে অভিযুক্তদের আপাতত জেলে ফিরতে হবে না। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৭ জনের। জখমের সংখ্যা ছিল ৯০০-রও বেশি। ২০১৫ সালে সেই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। সোমবার অভিযুক্ত ১২জনকেই বেকসুর খালাসের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার।
বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ বলেছে, হাইকোর্টের রায়কে নজির হিসাবে বিবেচনা করা যাবে না। অভিযুক্তদের নোটিস জারিরও নির্দেশ দেয় আদালত। যদিও অভিযুক্তদের জেলমুক্তির বিষয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এদিন আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আমরা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইছি। তবে অভিযুক্তদের জেলে ফেরত পাঠানোর নির্দেশ চাইছি না।’ শীর্ষ আদালতেরও বক্তব্য, অভিযুক্তরা যখন ছাড়া পেয়েছে তখন তাদের আর নতুন করে জেলে ফেরানোর প্রশ্ন ওঠে না।
অন্যদিকে সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই ইঙ্গিতপূর্ণ বার্তা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এদিন তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিশেষ কিছু বলার নেই। কিছু নির্দোষ এই মামলায় ফেঁসে গিয়েছেন। কারও প্রতি অবিচার যেন না হয়। তবে দোষীদের যেন রেহাই না দেওয়া হয়।’ সোমবার হাইকোর্টের রায় মহারাষ্ট্র এটিএসের তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল।