Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় স্থানে নজর মুম্বই ইন্ডিয়ান্সের

পঁচিশের আইপিএলে শেষ আটটির মধ্যে সাতটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিশ্চিত হয়েছে প্লে-অফের টিকিট। টিম গেমের সুবাদে ষষ্ঠ ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ হার্দিক পান্ডিয়ারা।

দ্বিতীয় স্থানে নজর মুম্বই ইন্ডিয়ান্সের
  • ২৬ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

জয়পুর: পঁচিশের আইপিএলে শেষ আটটির মধ্যে সাতটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিশ্চিত হয়েছে প্লে-অফের টিকিট। টিম গেমের সুবাদে ষষ্ঠ ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ হার্দিক পান্ডিয়ারা। তবে শেষ চারে জায়গা পাকা মানে আত্মতুষ্টিতে ভোগা নয়, বরং নতুন চ্যালেঞ্জকে আহ্বান জানানো। গ্রুপের শেষ ম্যাচটা মুম্বইয়ের কাছে সেই কারণেই গুরুত্বপূর্ণ। সোমবার জয়পুরে রোহিতদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় শ্রেয়স আয়াররা অবশ্য দ্বিতীয় স্থানে। মুম্বইকে হারাতে পারলে শীর্ষস্থান দখলের সুযোগ থাকবে প্রীতি জিন্টার দলের সামনে।

Advertisement

তবে পাঞ্জাব কিংস গত ম্যাচে হেরে কিছুটা চাপে। ওপেনার প্রিয়াংশ আর্য আচমকাই ফর্ম হারিয়েছেন। প্রভসিমরন সিংকেও পাওয়া যাচ্ছে না চেনা ছন্দে। তাই হাল ধরতে হচ্ছে পরের দিকের ব্যাটারদের। জস ইংলিশ, ক্যাপ্টেন শ্রেয়স কিংবা নেহাল ওয়াধেরা দলকে ভরসা জোগাতে সফল। লোয়ার মিডল অর্ডারে শশাঙ্ক সিং, স্টোইনিসের মতো মারকুটে ব্যাটার আছেন। পাঞ্জাবের বোলিংও বেশ শক্তিশালী। বাঁ হাতি পেসার অর্শদীপ সিং নতুন বলে চমক দিতে পারেন। ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ায় পাঞ্জাব পুত্তরের মনোবল তুঙ্গে। তার ইতিবাচক প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে। এছাড়া আছেন মার্কো জানসেন, আজমতুল্লাহ ওমারজাই। স্পিনার যুজবেন্দ্র চাহালকে কি ফেরানো হবে? কারণ, প্লে-অফের আগে তাঁকে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে হরপ্রীত ব্রার দুরন্ত ফর্মে।
মুম্বই ইন্ডিয়ান্সের মাথাব্যথার বড় কারণ রোহিত শর্মা। ধারাবাহিকতা দেখাতে পারছেন না হিটম্যান। তবুও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে। তাঁর ব্যর্থতা অবশ্য ঢাকা পড়ছে বাকিদের প্রচেষ্টায়। ওপেনার রিকেলটন দেরিতে হলেও খোলস ছেড়ে বেরিয়েছেন। উইল জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্স বদলে দিচ্ছে ম্যাচের রং। তবে মুম্বইয়ের ব্যাটিংয়ের প্রাণভোমরা সূর্যকুমার যাদবই। সঙ্গী তিলক ভার্মা কিছুটা চাপে। একাধিক সফল অলরাউন্ডার থাকলে যে কোনও দলেরই শক্তি অনেকটা বেড়ে যায়। মুম্বইয়ের ব্যাপারটা সেরকমই। হার্দিক পান্ডিয়া ব্যাটে-বলে জ্বলে উঠছেন মাঝে মধ্যে। অজ্ঞাতকুলশীল নমন ধীর বিগ হিটার হিসেবে ছাপ ফেলেছেন। মিচেল স্যান্টনারও ব্যাটে-বলে ম্যাচ ঘোরাতে ওস্তাদ।
মুম্বইয়ের বোলিং যথেষ্ট ঝাঁঝালো। পেস আক্রমণে বোল্ট, বুমরাহ, চাহার। কখনও কখনও খেলানো হচ্ছে অশ্বিনী কুমারকেও। বল ঘুরলে তিন স্পিনারের আক্রমণে নাভিঃশ্বাস উঠছে বিপক্ষের। এক্ষেত্রে জ্যাকসের সঙ্গে করণ শর্মা ও স্যান্টনার মুম্বইয়ের বড় বাজি।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ