Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল এলিমিনেটরে মুখোমুখি মুম্বই-গুজরাত, মুল্লানপুরে আজ গিল-বুমরাহর দ্বৈরথ

দুই দলই খেতাবের স্বাদ পেয়েছে। তবে সাফল্যের পরিসংখ্যানে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে গুজরাত টাইটান্সের থেকে। রোহিতরা পাঁচবারের চ্যাম্পিয়ন।

আইপিএল এলিমিনেটরে মুখোমুখি মুম্বই-গুজরাত,  মুল্লানপুরে আজ গিল-বুমরাহর দ্বৈরথ
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

মুল্লানপুর: দুই দলই খেতাবের স্বাদ পেয়েছে। তবে সাফল্যের পরিসংখ্যানে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে গুজরাত টাইটান্সের থেকে। রোহিতরা পাঁচবারের চ্যাম্পিয়ন। সেখানে মুম্বই একবারই ট্রফির স্বাদ পেয়েছে। তবে পঁচিশের আইপিএলে দুই দলের মধ্যে ফারাক খুবই কম। তাই শুক্রবার এলিমিনেটরের লড়াই উপভোগ্য হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Advertisement

গুজরাত টাইটান্স আইপিএলের নবাগত দল। ২০২২ সালে আবির্ভাবেই খেতাব জিতেছিল। তার মধ্যে তিনবার প্লে-অফেও খেলেছে। আসলে শুভমান গিলের নেতৃত্বে গুজরাত ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। একটা সময় পর্যন্ত শীর্ষস্থান দখলে ছিল সাই সুদর্শনদের। শেষ দিকে কয়েকটা ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়লেও আইপিএল জেতার ক্ষমতা রয়েছে তাঁদের। গুজরাতের ব্যাটিং মূলত তারকা নির্ভর। গিল, সুদর্শন, বাটলার—ত্রয়ীর ব্যাট চললে মুম্বইয়ের বোলাররা চাপে থাকবেন। তবে শুরুতে উইকেট হারালে গুজরাতের অবস্থা যে খারাপ হতে পারে, তার উদাহরণ মিলেছে গত ম্যাচে। তাই গিল-সুদর্শন জুটির উপর নির্ভর করবে অনেক কিছু। ভিত শক্ত হলে বাটলার কিন্তু দ্রুত রান তুলতে পারেন অনায়াসেই। মিডল অর্ডারে রাদারফোর্ড, শাহরুখ খান ও রাহুল তেওয়াটিয়াকে খেলানো হচ্ছে। অলরাউন্ডার রশিদ খানও কঠিন সময়ে ব্যাট হাতে পরিস্থিতি সামাল দিতে পারেন। গুজরাতের বোলিং বেশ শক্তিশালী। মহম্মদ সিরাজ, আর্শাদ খানের সঙ্গী প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি দুরন্ত ফর্মে আছেন। সেই সঙ্গে কোয়েৎজিকেও খেলানো হচ্ছে। স্পিন বিভাগে রশিদ খানের সঙ্গী হবেন সাই কিশোর।
ওয়েস্টার্ন-ডার্বি জিততে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্সও। রোহিতদের চোখ হেক্সায়। এই নজির কোনও দলের নেই। চেন্নাই সুপার কিংসও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ধোনিরা এবার প্লে-অফে উঠতে পারেননি। ফাইনালে উঠতে মুম্বইকে টপকাতে হবে দু’টি বাধা। তবে জয়বর্ধনে যেভাবে ভুলত্রুটি শুধরে দলকে বেঁধেছেন, তাতে হার্দিকের হাতে ট্রফি উঠতেই পারে। মুম্বইয়ের ব্যাটিং খুবই শক্তিশালী। শুরুতে রিকেলটনের সঙ্গী রোহিত। সমস্যা হল হিটম্যানের ব্যাটে ধারাবাহিকতা নেই। সেই সমস্যা অনেকটাই মিটছে সূর্য’র আলোয়। দুরন্ত ফর্মে তারকা ব্যাটার। সূর্যকুমার প্রতি ম্যাচেই বড় রান করছেন। উইল জ্যাকসকে ব্যবহার করা হচ্ছে ‘অ্যাঙ্কর’ হিসেবে। কখনও নামানো হচ্ছে তিনে, কখনও আবার মিডল অর্ডারে। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে মুম্বই দলের অন্যতম সেরা অস্ত্র মানতেই হবে।
শুরুটা খারাপ হলেও তা সামলে দেওয়ার মতো ক্রিকেটার রয়েছে মুম্বই স্কোয়াডে। তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়ার সঙ্গে মিডল আর্ডারে ভরসা জোগাচ্ছেন নমন ধীর। তাছাড়া অলরাউন্ডার স্যান্টনারও ব্যাটে-বলে চমক দিচ্ছেন। তবে ক্রিকেট দুনিয়া গিল-বুমরাহর দ্বৈরথ দেখার অপেক্ষায়। গিল-সুদর্শন এই মুহূর্তে সর্বাধিক রানসংগ্রহকারীদের তালিকায়। এই জুটি ভাঙতে মুম্বই নতুন বলে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে কাজে তো লাগাবেই, সেই সঙ্গে পাওয়ার প্লে’তেই ব্যবহার করা হতে পারে বুমরাহকে। তাছাড়া, বাঁ-হাতি পেসার অশ্বিনী কুমারকে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে খেলানো হতে পারে। স্পেশালিস্ট স্পিনারের ভূমিকায় করণ শর্মারই খেলার সম্ভাবনা বেশি।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সম্প্রচার স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ