চণ্ডীগড়: কথায় আছে একটি ছবি, হাজার শব্দের সমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই বার্তা দিলেন পাকিস্তানকে। মঙ্গলবার আচমকাই পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বায়ুসেনার জওয়ানদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন। পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছিল, আদমপুরে থাকা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ গুঁড়িয়ে দিয়েছে। সেই দাবি যে পুরোপুরি মিথ্যা তার প্রমাণও দিলেন তিনি। মিগ-২৯ যুদ্ধবিমান এবং এস-৪০০ লঞ্চারের সামনে দাঁড়িয়ে সেনাকে স্যালুট জানালেন। একধিক ছবিও তিনি পোস্ট করে বুঝিয়ে দিলেন ভারতের সুদর্শন চক্রকে ধ্বংস করার মতো ক্ষমতা পাকিস্তানের নেই। তিনি লিখেছেন, আজ সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। বীর সেনাদের সঙ্গে কথা বলেছি। তাঁর সাহস, সংকল্প ও অবদানের জন্য দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে।
এদিন যেখানে দাঁড়িয়ে মোদি কথাগুলি বলছিলেন, সেই আদমপুর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে পাকিস্তান। জওয়ানদের প্রশংসা করে তিনি বলেন, আজ আমি এখানে এসেছি আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা শুধু দেশের গর্ব নন, ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন একাধিকবার ‘ভারত মাতা কি জয়’ আওয়াজ ওঠে। তিনি বলেন, সন্ত্রাসবাদীরা আমাদের দিকে অস্ত্র তাক করেছিল। কিন্তু সেনারা তাদের মুখোমুখি আঘাত হেনেছে। অন্তত ১০০ জন সন্ত্রাসবাদীকে নির্মূল করা গিয়েছে। তারা বুঝতে পেরেছে, ভারতের সীমান্তে আগুন নিয়ে খেলতে গেলে, তার পরিণতি কী হতে পারে? শুধু জঙ্গি নয়, তাদের মদতদাতাদেরও ছাড়া হবে না। তাঁর কথায়, সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না। সন্ত্রাসের রক্তের সঙ্গে সিন্ধুর জলধারা বইতে পারে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে শুধুমাত্র সন্ত্রাস দমন ও অধিকৃত কাশ্মীর নিয়েই। ছবি: পিটিআই