Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

২৬/১১ মুম্বই হামলা: ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মার্কিন শীর্ষ আদালতে আবেদন তাহাউর রানার

২৬/১১ মুম্বই হামলা: ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মার্কিন শীর্ষ আদালতে আবেদন তাহাউর রানার
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
ওয়াশিংটন: ২৬/১১ মুম্বই হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন। ২০০৮ সালের সেই ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানা। পাকিস্তান-জাত কানাডার এই নাগরিক বর্তমানে আমেরিকার জেলে বন্দি। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে এবার মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সে। এর আগে আমেরিকার নিম্ন ও ফেডারেল আদালতে রানার আর্জি খারিজ হয়ে গিয়েছিল। এর মধ্যে রয়েছে নাইনথ সার্কিটের ইউএস কোর্ট অব অ্যাপিলসও। গত ২৩ সেপ্টেম্বর মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারীকে ভারতের হাতে তুলে দেওয়ার পক্ষেই রায় দিয়েছিল ওই আদালত। ফলে ভারতে প্রত্যর্পণ আটকানোর শেষ আইনি প্রচেষ্টা হিসেবে এবার আমেরিকার শীর্ষ আদালতে আবেদন করল রানা।
Advertisement
মুম্বই হামলায় নিহতদের তালিকায় ছয় মার্কিন নাগরিকও ছিলেন। ওই হামলার নেপথ্যে থাকা রানাকে ভারতে আনার লক্ষ্যে আমেরিকার কাছে আবেদন করেছিল নয়াদিল্লি। তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান-জাত মার্কিন জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী ছিল তাহাউর রানা। মুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গিদের তারা সাহায্য করেছিল। ভারত চাইছে, রানাকে এনে এদেশে বিচারের মাধ্যমে তাকে সাজা দিতে। আর তা ঠেকাতেই মার্কিন সুপ্রিম কোর্টে শেষ আইনি প্রচেষ্টায় নামল সে। রানা তার আবেদনে বলেছে, এর আগে শিকাগোর ফেডারেল কোর্টে একই ধরনের অভিযোগ থেকে সে মুক্তি পেয়েছে। ফলে তাকে ভারতে প্রত্যর্পণ করা হলে বিচারের নীতি লঙ্ঘিত হবে। শুধু তাই নয়, ভারতে বিচার হলে তাকে প্রাণদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করেছে রানা।   
সম্পর্কিত সংবাদ