Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে আর্জি মন্ত্রীর

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে গত বছরের আগস্ট থেকে আর কোনও টাকা দেয়নি কেন্দ্র। পানীয় জলের মতো একটি সংবেদনশীল ক্ষেত্রেও কেন্দ্র বাংলাকে বঞ্চনা করে চলেছে বলে বুধবার বিধানসভায় সরব হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়।

রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে আর্জি মন্ত্রীর
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে গত বছরের আগস্ট থেকে আর কোনও টাকা দেয়নি কেন্দ্র। পানীয় জলের মতো একটি সংবেদনশীল ক্ষেত্রেও কেন্দ্র বাংলাকে বঞ্চনা করে চলেছে বলে বুধবার বিধানসভায় সরব হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়। এই অবস্থায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে টাকা আটকে রাখার বিরোধিতা করতে আর্জি জানান মন্ত্রী। সেই সঙ্গে তিনি নাম না করে 

Advertisement

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে খোঁচাও দিয়েছেন। 
মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে পুলকবাবু বলেন, ‘মানুষকে জল দিতে যে টাকা দরকার, সেই টাকাও আটকে রেখেছে কেন্দ্র। সবাইকে অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে উঠে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন।’ এরপরই তাঁর খোঁচা, ‘আমি অনুরোধ করব, কেউ যেন আবার চিঠি দিয়ে রাজ্যকে এই টাকা দিতে নিষেধ না করে।’ রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, ইতিপূর্বে গ্রামোন্নয়ন প্রকল্পের একাধিক খাতের টাকা আটকে দিতে বিজেপির তরফে কেন্দ্রকে চিঠি দেওয়ার অভিযোগ উঠেছিল। এক্ষেত্রে রাজ্য বিজেপি যেন সেরকম ভূমিকা না নেয়, কটাক্ষের সুরে সে কথাই মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী। 
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে এই খাতে বাংলাকে ৫,০৪৯.৯৮ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও মাত্র ২,৫২৪.৯৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সেই জায়গায় রাজ্যের অংশের ৪,৯৯০.৫২ কোটি টাকার মধ্যে ৪,১৫৭.৪৫ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই রাজ্য আরও ৪০০ কোটি টাকা দেবে বলে সূত্রের খবর। ফলে এই মুহূর্তে রাজ্যের টাকাতেই প্রকল্পের কাজ চলছে বলে দাবি প্রশাসনিক মহলের। কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাওর এক প্রশ্নের উত্তরে পুলকবাবু জানান, রাজ্যের পাম্পিং স্টেশনগুলিতে প্রায় ১৯,৫৫১ জন কর্মী আছেন। কোথাও তাঁদের মাইনে আটকে থাকার তথ্য ঠিক নয়। কোনও এজেন্সির বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে সেই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ