Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ শীর্ষস্থানে চোখ ম্যাকলারেনদের, মোহন বাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট, ছিটকে গেলেন জিতিন

ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম অদ্ভুতভাবে ঝিমিয়ে। খাঁ খাঁ টিকিট কাউন্টার। ফুটবল পাগল শহরের হল টা কী? আসলে নর্থ ইস্টের দুর্দশা দেখেই বোধহয় মিইয়ে রয়েছেন সমর্থকরা।

আজ শীর্ষস্থানে চোখ ম্যাকলারেনদের, মোহন বাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট, ছিটকে গেলেন জিতিন
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম অদ্ভুতভাবে ঝিমিয়ে। খাঁ খাঁ টিকিট কাউন্টার। ফুটবল পাগল শহরের হল টা কী? আসলে নর্থ ইস্টের দুর্দশা দেখেই বোধহয় মিইয়ে রয়েছেন সমর্থকরা। ৮ ম্যাচে পেড্রো বেনালি ব্রিগেডের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। তার উপর এদিন চোট পেয়ে ছিটকে গেলেন সেরা অস্ত্র জিতিন এম এস। এছাড়া এদিন মুম্বইকে বশ মানাল এফসি গোয়া। সেক্ষেত্রে নড়বড়ে প্রতিপক্ষকে হারালে তো বটেই, এমনকি ড্র করলেও রবিবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহন বাগান। একইসঙ্গে মুম্বইয়ের সঙ্গে ২ পয়েন্টের পার্থক্য গড়ে ফেলবেন ম্যাকারা। বিশেষজ্ঞদের ধারণা, রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফেভারিট মোহন বাগান। লিস্টনদের ছন্দ বজায় থাকলে পাহাড়ে সবুজ-মেরুন সূর্যোদয় দেখা যেতেই পারে। উল্লেখ্য, ৮ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ১৭। লোবেরার মন্তব্য, ‘ঘরের মাঠে নর্থ ইস্ট বেশ কঠিন প্রতিপক্ষ।’ 

Advertisement

শনিবার সকালে কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন লোবেরা। স্প্যানিশ কোচ বুঝে যান কোনোমতেই আলবার্তোকে পাওয়া সম্ভব নয়। তবে লোবেরার হাতে বিকল্প প্রচুর। অহেতুক ভাবতে নারাজ তিনি। ফ্লাইট বিভ্রাটে এদিন সন্ধ্যায় গুয়াহাটির টিম হোটেলে পৌঁছালেন কামিংসরা। পাঞ্জাবের বিরুদ্ধে অন্তিম লগ্নে তাঁর ফ্রি-কিকেই অক্সিজেন পায় মোহন বাগান। রবিবার অজি ফুটবলারকে কী প্রথম এগারোয় দেখা যাবে? দল নিয়ে ধোঁয়াশা রাখলেন স্প্যানিশ কোচ। তবে অনুশীলনে ইঙ্গিত মিলেছে, প্রেসিং ফুটবলেই জোর দেবেন তিনি। আসলে পাঞ্জাব ম্যাচে শুরুতেই চোট পেয়েছিলেন আলবার্তো। রক্ষণ সামলাতে মেহতাব সিংকে নামান লোবেরা। কম্বিনেশন বজায় রাখতে তুলে নিতে হয় মনবীরকেও। কিন্তু শক্তিশালী আপফ্রন্ট তাঁর সম্পদ। লিস্টন, মনবীর, ম্যাকলারেনের ত্রিভুজ যে কোনো রক্ষণে ত্রাস ছড়াতে পারে। কিন্তু মাঝমাঠ থেকে বল ফিড করবেন কে? আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মোড় ঘুরিয়েছিলেন সাহাল। অনেকেরই মত, কেরালাইট ফুটবলারের আরও বেশি ম্যাচ টাইম পাওয়া উচিত। তবে পরিস্থিতি অনুযায়ী আপফ্রন্টে ৪ বিদেশি ব্যবহারের পরিকল্পনাও তৈরি। এই ধরনের ম্যাচে দ্রুত গোল না পেলে সমস্যা বাড়ে। তাই শুরুতেই ধাক্কা দিতে চায় থিঙ্কট্যাঙ্ক। 
চলতি মরশুমে ডুরান্ড কাপ জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু আইএসএলের আগে তীব্র অনিশ্চয়তার কারণে দল ছাড়েন আলেদাইন আজারে। গতবার আইএসএলে সর্বাধিক স্কোরার ছিলেন এই মরক্কান। পেড্রো বেনালির মাঝমাঠও ভেঙে চুরমার। তিনি নিজেও ব্যাকফুটে। কোনোরকমে মরশুম শেষ হলেই বাঁচেন। ম্যাচের আগে লোবেরা ব্রিগেডের শক্তি বোঝাতে ফেরারি গাড়ির সঙ্গে তুলনা করেছেন তিনি। তবুও একঝাঁক তরুণ ফুটবলারের দৌড়ে ভরসা রেখেই পয়েন্ট কাড়তে চান নর্থ ইস্ট কোচ।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যানকোড ও সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ