নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হকার পুনর্বাসনের ক্ষেত্রে টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) সদস্য হকার নেতাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সার্বিকভাবে শহরের বুকে বেড়ে চলা হকার-রাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মেয়র বলেন, টিভিসির নেতারা হকারদের নিয়ন্ত্রণ করতে পারেন না। ফলে নতুন নতুন জায়গায় হকাররা বসে যাচ্ছেন। পুলিসকে বলা হলেও তাঁরা পদক্ষেপ করছে না। টিভিসির দোহাই দিচ্ছে। সম্প্রতি, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে কসবা থেকে আসা হকার নিয়ে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন মেয়র।
কসবা রথতলা মোড়ের জনৈক বাসিন্দা অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনের ফুটপাতে গত কয়েক মাস হল হকার বসতে শুরু করেছে। তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। পুলিস বলেছে, টাউন ভেন্ডিং কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করছে। কমিটির সদস্যরা জায়গাটি পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন। একথা শুনে ফিরহাদ হাকিম বলেন, টিভিসি কোনও কাজ ঠিকঠাক করছে না। যেখানে বছরের পর বছর ধরে হকাররা ব্যবসা করছেন, তাঁদের পুনর্বাসন দেওয়ার বিষয়টিতে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। সেটা টিভিসি দেখবে। কিন্তু যেখানে নতুন করে হকাররা বসছেন, সেখান থেকে দ্রুত তাঁদের তুলে দিতে হবে। বেশি সময় বসার সুযোগ দিলেই তখন সেই জায়গায় নিজের অধিকার ফলাবেন ওই হকার। তখন রুটি-রুজির প্রশ্ন চলে আসবে। তাই নতুন করে কোথাও হকার বসতে দেবেন না।
এরপরেই টিভিসির হকার নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র। বলেন, ওঁরা নিজেদের হকারদের নিয়ন্ত্রণ করতে পারেন না। একাধিক সংগঠন রয়েছে। এক একটা সংগঠনের নেতা এক এক রকমের কথা বলেন। কেউ আইন মানতে চান, কেউ চান না। এক সংগঠন আইন অনুসারে কিছু করতে গেলে তাঁদের হকাররা অন্য সংগঠনে চলে যান। ফলে, পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এটা সকলকে কড়া হাতে সামলাতে হবে।