Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড মণি পালের

বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড মণি পালের
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মাধ্যমিক পরীক্ষায় ৬৫৮ নম্বর পেয়ে স্কুলের মধ্যমণি হয়ে উঠল ময়নাগুড়ির বোলবাড়ির মণি পাল। বোলবাড়ির নীলকান্ত পাল হাইস্কুলের ছাত্র সে। মণি পালের রেজাল্ট স্কুল তৈরি হওয়ার পর সর্বোচ্চ বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। মণি পঞ্চম শ্রেণি থেকে প্রত্যেক বছর স্কুলে ভালো ফল করত। মাধ্যমিকে সে ভালো ফল করবে তা স্কুল কর্তৃপক্ষ আগেই ভেবে নিয়েছিল। আর তাদের স্বপ্ন বাস্তবে রূপায়িত হওয়ায় খুশিতে মাতোয়ার স্কুলের শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা। 

Advertisement

মণির বাবা নীরেন পাল ব্যবসায়ী। বাড়ির সঙ্গে রয়েছে নীরেনববুর দোকান। মণির মা সুচিত্রা পাল গৃহবধূ। গৃহশিক্ষকদের পাশাপাশি স্কুলের শিক্ষকরাও তাকে সবরকমভাবেই সহযোগিতা করায় এই সাফল্য বলে মণি জানিয়েছে। 
মণি বাংলায় ৯৬, ইংরেজি ও অঙ্কে ৯০ করে, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানে ৯৫ করে, ইতিহাসের ৯৩ এবং ভূগোলে ৯৯ নম্বর পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক নীরোদচন্দ্র রায় বলেন, মণি আমাদের স্কুলের মণি হয়ে থাকবে। আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগ না থাকার কারণে ও অন্য স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। তবে আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। আমাদের স্কুলে ২০০৫ সাল থেকে মাধ্যমিকের পঠনপাঠন শুরু হয় এবং ২০১২ সালে উচ্চ মাধ্যমিকের অনুমোদন পায়। তবে এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে মণি। পঞ্চম শ্রেণি থেকেই স্কুলের মেধা তালিকায় থাকত ও। আমরা ভেবে নিয়েছিলাম ছেলেটি ভালো ফলাফল করবে। তা করেছে। মণির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 
মণি বলে, বিজ্ঞান বিষয় নিয়ে পড়ব। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালো লাগে। খেলা দেখা থেকে শুরু করে রহস্যজনক সিনেমা আমার পছন্দের তালিকায় থাকে। মণির বাবা বলেন, ছোট একটি দোকান করে সংসার চালাই। ছেলের ফলাফলে খুশি। চেষ্টা করব ছেলেকে ওর লক্ষ্যে পৌঁছে দেওয়ার।

Advertisement
সম্পর্কিত সংবাদ