সংবাদদাতা, বারুইপুর: রাতে চিলেকোঠার ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিল এক তরুণ। সেখান থেকে পা পিছলে পড়ে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মৃত্যু হল তাঁর। মৃতের নাম বাচ্চু মণ্ডল (১৮)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার মদারাট পঞ্চায়েতের কবিন্দপুরে। মৃতের বাড়ি কুলতলি থানার নলগড়া।
পুলিশ সূত্রের খবর, পুজোয় বাচ্চু বারুইপুরের কবিন্দপুরে আত্মীয় গোপাল হালদারের বাড়ি এসেছিলেন। সেখানে ওই আত্মীয়ের মিষ্টির দোকানে কাজ করতেন তিনি। আত্মীয় গোপাল হালদারের দোতলা বাড়ির চিলেকোঠার ছাদে উঠেছিলেন বাচ্চু। মোবাইলে কথা বলছিলেন তিনি।
রাত তিনটে নাগাদ চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। তাঁরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন, বৈদ্যুতিক তারের উপর পড়ে আছে ওই তরুণ। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। সেখানে মারা যান বাচ্চু। প্রতিবেশীরা বলেন, আমরা শুনেছি রাতে মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন ওই তরুণ। মাঝরাতে দুর্ঘটনা ঘটে। মৃত্যুর খবর পেয়ে কুলতলি থেকে বারুইপুরে ছুটে আসেন তাঁর বাবা ও মা। বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।