Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সক্রিয় মৌসুমি বায়ুর দোসর নিম্নচাপ, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে

দক্ষিণবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ায় শনিবার দিনভর বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর দোসর নিম্নচাপ, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ায় শনিবার দিনভর বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্ৰাম, দুই ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় এদিন সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০ মিমি, কোথাও ৯০ মিমি। এই সময় কলকাতায় ১১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে সারাদিনই ঝিরঝিরে বৃষ্টি চলে। রাতেও যা অব্যাহত ছিল। আজ, শনিবার নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বর্ষা থামছে না এখনই। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে বলেই জানাচ্ছেন তাঁরা। কারণ, মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। তাছাড়া, কাল সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নতুন একটি নিম্নচাপ তৈরি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপের প্রভাব ওড়িশায় বেশি পড়বে বলে মনে হচ্ছে। তবে কিছুটা হলেও প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই কারণে কমবেশি বৃষ্টি লেগেই থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ