সংবাদদাতা, কাকদ্বীপ: হারিয়ে যাওয়া একগুচ্ছ মোবাইল ফেরাল সুন্দরবন পুলিস জেলা। সোমবার পুলিস সুপার কোটেশ্বর রাও হারিয়ে যাওয়া ২৩৩টি মোবাইল মালিকদের হাতে তুলে দেন। মোবাইলগুলির আনুমানিক মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। এনিয়ে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ মোবাইল এই রাজ্য থেকে উদ্ধার হয়েছে। বাকি ১৫ শতাংশ ভিন রাজ্য থেকে। গত তিন মাসের অভিযোগের ভিত্তিতে এই মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া আইফোন এদিন ফিরে পেয়ে খুশি লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা গোপাল পুরকাইত। তিনি বলেন, মাত্র এক বছর আগে আইফোনটি কিনেছিলাম। কিন্তু স্থানীয় একটি মেলায় গিয়ে সেটি হারিয়ে যায়। ফিরে পাব, এমন আশা ছেড়েই দিয়েছিলাম। সখের প্রায় ৭০ হাজার টাকার আইফোনটি ফিরে পেয়ে খুব ভালো লাগছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছরের মধ্যে সুন্দরবন পুলিস জেলায় এক হাজারের বেশি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেগুলির আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি।



