নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৮ লক্ষ টাকার আয় বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছিল। রাজ্যের সেই আমলার বিরুদ্ধে চার্জশিট জমা দিল রাজ্য দুর্নীতি দমন শাখা। এই টাকা তিনি কীভাবে পেলেন তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি আমলা। নবান্নের অনুমতি মেলার পর দুর্নীতি দমন আইনের ধারায় তাঁর বিরুদ্ধে কয়েকদিন আগে চার্জশিট জমা পড়েছে। নবান্ন থেকে সবুজ সঙ্কেত আসার পর বাঁকুড়ার তদানীন্তন বিডিওর বিরুদ্ধে মাস ছয়েক আগে তদন্ত শুরু করে রাজ্য দুর্নীতি দমন শাখা। ওই আমলা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তখন তাঁর বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। ওই অফিসারের বাড়ি সহ নানা জায়গায় তল্লাশি হয়। জানা যায়, সরকারি প্রকল্পের জন্য আসা টাকা তাঁর মাধ্যমে বিভিন্ন জায়গায় যেত। চার্জশিটে রাজ্য দুর্নীতি দমন শাখা জানিয়েছে ২০১৭-২১ আর্থিক বর্ষে বিপুল পরিমাণ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। যার পরিমাণ ২৮ লক্ষ টাকা। যা তাঁর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই চারটি আর্থিক বর্ষে তাঁর পে স্লিপ সংগ্রহ করা হয়। দেখা যায়, যা বেতন পেয়েছেন তা দিয়ে এই বিপুল টাকা জমানো সম্ভব নয়। অথচ প্রচুর নগদ জমা পড়েছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমলাকে জিজ্ঞাসাবাদও করা হয়। তিনি জানান, পারিবারিক সূত্রে টাকা পেয়েছেন। কিন্তু কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।



