নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বনগাঁয় ৮৭ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ এক চোরা কারবারিকে পাকড়াও করল বিএসএফ। বাইকে করে সে সোনার বিস্কুট পাচার করছিল। ওই বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে মোট ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ১ কেজি ১৬৮ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮৭ লক্ষ ৭৬ হাজার টাকা। ধৃত জেরায় জানিয়েছে, সে এক হাজার টাকা কমিশনের লোভে সোনা পাচার করছিল।
Advertisement
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্তে বিএসএফের হরিদাসপুর বর্ডার আউট পোস্টের কাছে সোনা পাচার হতে পারে বলে খবর এসেছিল। গোয়েন্দা মারফত বিএসএফ জানতে পারে, বাংলাদেশ থেকে বাগদা হয়ে বনগাঁয় আনা হচ্ছিল ওই সোনা। এ খবর শুনেই সতর্ক হয়ে যান বিএসএফ জওয়ানরা। বনগাঁর বিডিও অফিসের কাছে একটি বাইক দেখে সন্দেহ হয় তাঁদের। তাকে আটক করলে সে জানায়, কাজে যাচ্ছে। তখন তার বাইকে তল্লাশি চালালে সোনার বিস্কুটগুলি পাওয়া যায়। জেরায় সে জানিয়েছে, তার এক বন্ধু অক্টোবর মাসে তাকে সোনা পাচারের প্রস্তার দিয়েছিল। কৃষ্ণচন্দ্রপুরের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে সে ওই সোনা সংগ্রহ করেছিল। বাংলাদেশ থেকে পাচার হয়ে ওই সোনা ঢুকেছিল। বনগাঁয় তা পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই সে ধরা পড়ে যায়। ধৃত চোরা কারবারি ও উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি কলকাতায় ডিআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।



