নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার ডিজিটাল রেশন কার্ডে গ্রাহকদের মোবাইল নম্বর যুক্ত করতে ঝাঁপাচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন। তারা এ ব্যাপারে প্রতিটি রেশন দোকানে প্রচার শুরু করেছে। প্রশাসন সূত্রের খবর, জেলায় এখন পর্যন্ত ৩ লক্ষ ১২ হাজার ৬০০ গ্রাহকের রেশন কার্ডে মোবাইল ফোন নম্বর নেই। আগামী দু’মাসের মধ্যে তাঁদের নম্বর কার্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেশন সরবরাহে স্বচ্ছতা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা খাদ্য নিয়ামক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, জেলার পাহাড় ও সমতলভাগ মিলিয়ে প্রায় ৮৪ শতাংশ গ্রাহকের মোবাইল নম্বর কার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। শীঘ্রই তা ১০০ শতাংশ করা হবে। এবার এ বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই কাজ বস্তাবায়িত হওয়ার পর গ্রাহকদেরই সুবিধা হবে। এজন্য সকলের সহযোগিতা চাওয়া হচ্ছে। দীর্ঘদিন আগে চালু হয়েছে ডিজিটাল রেশন কার্ড। তাতে মোবাইল নম্বর যুক্ত করার কাজও শুরু হয়েছে অনেকদিন আগে। খাদ্যদপ্তরের এক আধিকারিককের বক্তব্য, কার্ডে মোবাইল নম্বর যুক্ত হলেই রোশন দোকান থেকে সরবরাহ করা খাদ্যসামগ্রী সম্পর্কে বিস্তারিত তথ্য পাচ্ছেন গ্রাহকরা। তা তাঁদের মোবাইল ফোনে এমএমএস করা হচ্ছে। কিন্তু জেলায় বহু গ্রাহক এখনও কার্ডের সঙ্গে মোবাইল ফোন নম্বর যুক্ত করেননি। খাদ্যদপ্তর সূত্রের খবর, জেলায় রেশন গ্রাহকের সংখ্যা ১২ লক্ষ ৮২ হাজার। এখন পর্যন্ত ডিজিটাল কার্ডে মোবাইল ফোন নম্বর যুক্ত হয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ৪০০ জন গ্রাহকের। যা মোট গ্রাহকের মধ্যে ৮২.৬ শতাংশ। এরমধ্যে শিলিগুড়ি ও কার্শিয়াং মহকুমায় রেশন কার্ডের সঙ্গে মোবাই ফোন নম্বর যুক্ত করার হার সর্বাধিক। দুই মহকুমাতেই প্রায় ৮৪ শতাংশ। এরবাইরে মিরিক মহকুমায় ৮২ এবং দার্জিলিং সদর মহকুমায় ৮০ শতাংশ। এখন পর্যন্ত জেলার চারটি মহকুমায় ৩ লক্ষ ১২ হাজার ৪০০ জন গ্রাহকের মোবাইল নম্বর কার্ডের সঙ্গে যুক্ত করা হয়নি। যা মোট গ্রাহকের মধ্যে প্রায় ২৪ শতাংশ। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিকরা পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক বলেন, কার্ডে গ্রাহকের মোবাইল নম্বর যুক্ত করার বিষয়ে গ্রামে গ্রামে মাইকিং এবং রেশন দোকানে প্রচার চালানো হবে। তাছাড়া খাদ্যসাথী অ্যাপ মোবাইল ফোনে ডাউন লোড করে গ্রাহরা নিজেরাই তা করতে পারবেন। কিংবা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও গ্রাহকরা তা করতে পারবেন।



