ঢাকা: বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঢাকার আদালত। হাসিনা ছাড়াও তাঁর বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, রেহানার মেয়ে তথা ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিক, অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে ৩০ কাঠার প্লট নিজেদের নামে করে নিয়েছিলেন। এই নিয়ে সব মিলিয়ে মোট ছয়টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে তিনটি মামলায় আদালতে চার্জশিট জমা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই চার্জশিটের প্রেক্ষিতেই রবিবার ঢাকা মহানগর আদালতের বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা গেল কি না, তা নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময়সীমা ধার্য করেছে আদালত।
শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দ করার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। এর আগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১০ এপ্রিল হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল একই আদালত।
এদিকে, এক মডেলকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা নিয়ে জলঘোলা শুরু হতেই ঢাকা মহানগর পুলিসের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়া হল। কয়েকদিন আগে ডিবি সদস্যরা মেঘনা আলম নামে ওই মডেলকে আটক করে। পরে তাঁকে বিশেষ ক্ষমতা আইনে জেলে পাঠানো হয়। এই গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বাংলাদেশের হাইকোর্ট। রবিবার আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়ে দেন, মেঘনাকে ঠিক প্রক্রিয়া মেনে গ্রেপ্তার করা হয়নি। এরপরই রেজাউলকে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল।