নয়াদিল্লি: বরাবর জঙ্গিদের ‘শেল্টার’ দিয়েছে পাকিস্তান। তাদের বিশেষ সুবিধা দিয়েছে। আন্তর্জাতিক মহলের নিন্দার মুখে পিঠ বাঁচাতে জঙ্গিদের জেলে ঢুকিয়েছে ঠিকই। কিন্তু তা নাম কে ওয়াস্তে। খাতায় কলমে জেলে থাকলেও অবাধে ঘুরছে জঙ্গিরা। ‘বন্দি’ থাকার সময়ই বাবা হয়েছিল মুম্বই হামলার অন্যতম চক্রী জাকিউর রহমান লাখভি। এই প্রসঙ্গ টেনে পাকিস্তানের জঙ্গি মদতের পর্দাফাঁস করলেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। শনিবার আলজেরিয়ায় পৌঁছে পাকিস্তানকে তীব্র ভাষায় বিঁধেছেন ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের এই সদস্য। অপারেশন সিন্দুরের তাৎপর্য তুলে ধরতে ও পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করতে বিশ্বের নানা প্রান্তে ঘুরছে ভারতের প্রতিনিধি দল। সেইসূত্রেই ওয়েইসির মন্তব্য, ‘পৃথিবীর আর কোনও দেশেই এইরকম ঘটনা দেখা যাবে না। একজন জঙ্গিকে এভাবে অবাধ বিচরণের অনুমতি দেয় না কোনও দেশের সরকার। কিন্তু ব্যতিক্রম পাকিস্তান। সে দেশে জেলে থাকার সময় বাবা হয়েছিল লাখভি।’



