নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রমাণের অভাবে ২৫ বছর পর খুনের মামলা থেকে খালাস পেলেন এক অভিযুক্ত। কাঁথির বাসিন্দা ওই ব্যক্তির নাম অরুণকুমার দাস (৪৭)। শুক্রবার আলিপুরের জেলা আদালত তাঁকে ওই মামলা থেকে রেহাই দেয়। বিচারকের মন্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না মেলায় তাঁকে মামলা থেকে মুক্তি দেওয়া হল। অরুণ দাসের দুই আইনজীবী শ্যামলকান্তি বন্দ্যোপাধ্যায় ও নীপশ্রী ঠাকুর বলেন, আমাদের মক্কেলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, আদালতের রায়েই তা প্রমাণিত। এই রায়ে আমরা খুশি। যদিও সরকারি আইনজীবী এই রায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার গোবিন্দপুর এলাকায় একটি বাড়িতে লুটপাটের পর খুন করা হয় বাড়ির গৃহকর্ত্রীকে। এমনটাই অভিযোগ ছিল পুলিসের। সেই মামলার তদন্তে নেমে পুলিস পরে কাঁথি থেকে অরুণকুমার দাসকে গ্রেফতার করে। ঘটনার আট বছর পর উচ্চ আদালতের নির্দেশে অভিযুক্ত জামিন পান। এরপর নানা আইনি জটিলতা ও একাধিকবার সরকারি আইনজীবী বদল হওয়ায় এই মামলার শুনানি বিলম্বিত হয়। দীর্ঘ শুনানির শেষে এদিন বিচারক অয়ন মজুমদার জামিনে থাকা অভিযুক্তকে মামলা থেকে রেহাই দেন। তাঁর আইনজীবীরা বলেন, ‘শেষ পর্যন্ত আদালত থেকে ন্যায়বিচার পেয়ে ভালো লাগছে। তবে এতগুলি বছর তাঁকে মিথ্যা অভিযোগ নিয়ে বেড়াতে হয়েছে, এটাই দুঃখের। আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব।’ মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তি বলেন, ‘আর যেন কারও প্রতি এমন অবিচার না হয়, সেটাই সকলের কাছে আবেদন।’