Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গম্ভীর-অধ্যায় ভুলে এগতে চায় নাইটরা, প্রথম ম্যাচে ইডেনে থাকতে পারেন কিং খান

আইপিএল আসা মানেই ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই উত্তেজনার অগ্নুৎপাত শুরু হওয়া। চারিদিকে ব্যস্ততা। সিএবি অফিসে টিকিট তোলার লম্বা লাইন। পুলিসের ঘন ঘন টহল।

গম্ভীর-অধ্যায় ভুলে এগতে চায় নাইটরা, প্রথম ম্যাচে ইডেনে থাকতে পারেন কিং খান
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বেরা, কলকাতা: আইপিএল আসা মানেই ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই উত্তেজনার অগ্নুৎপাত শুরু হওয়া। চারিদিকে ব্যস্ততা। সিএবি অফিসে টিকিট তোলার লম্বা লাইন। পুলিসের ঘন ঘন টহল। আর নাইটদের ঘিরে সমর্থকদের আবেগে ভাসা। ১৭ বছরে যা একটুও ফিকে হয়নি। বরং বেড়েছে উন্মাদনার বহর।

Advertisement

চ্যাম্পিয়ন তকমা নিয়ে এবার কোটিপতি লিগে অভিযান শুরু করবে শাহরুখ খানের দল। ২২ মার্চ কেকেআরের সামনে বিরাট কোহলির আরসিবি। ম্যাচের আগে থাকছে ধুন্ধুমার উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করার কথা বলিউডের একঝাঁক শিল্পীর। মূল ইউএসপি অবশ্য দু’জনকে ঘিরে আবর্তিত হবে। মাঠে বিরাট কোহলি ও গ্যালারিতে শাহরুখ খান। আসলে এই কলকাতা নাইট রাইডার্স দলের ‘নন প্লেয়িং ক্যাপ্টেন’ শাহরুখ। গতবার ডাগ-আউটে গৌতম গম্ভীরের উপস্থিতি তবুও নাইট শিবিরকে কিছুটা আলোকিত করেছিল। এবার তিনিও নেই। গম্ভীর এখন ভারতীয় দলের কোচ। সঙ্গে নিয়ে গিয়েছেন অভিষেক নায়ার ও রায়ান ডয়েশকাটেকে। তা নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে কেকেআরের অন্দরে। বিষয়টি টের পাওয়া গেল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনেই। গৌতম গম্ভীরের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, জানতে চাওয়া হয়েছিল বেঙ্কটেশ আয়ারের কাছে। পাশে বসা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত রীতিমতো রে-রে করে উঠলেন। বেঙ্কিকে থামিয়ে বললেন, ‘এই বিষয়ে ডোয়েন ব্র্যাভো যা বলার বলে দিয়েছে। অতীত নিয়ে আলোচনা নিরর্থক। বর্তমান নিয়ে আমরা এগতে চাই। দলে নিউক্লিয়াস একই রকম আছে। যারা নতুন যোগ দিয়েছে, তারা যথেষ্ট যোগ্য। খেতাব ধরে রাখার লক্ষ্যেই আমরা নামব।’
কথায় বলে, সমঝদার কে লিয়ে ইশারাহি কাফি! চন্দ্রকান্ত পণ্ডিত এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। গতবার তিনি হেড কোচ থাকলেও মেন্টর হিসেবে গম্ভীর শুষে নিয়েছিলেন প্রচারের আলো। সাফল্যের সিংভাগ কৃতিত্বই দেওয়া হয়েছিল গম্ভীরকে। আড়ালেই থেকেছিলেন ‘চান্দু স্যার’। এবার তিনি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছেন। তাঁর হাতেই রিমোট। গম্ভীর-ম্যানিয়া কাটিয়ে দলকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। একই সঙ্গে গোতির স্থলাভিষিক্ত হওয়া ব্র্যাভোকেও দেওয়ার চেষ্টা করলেন মুক্ত বাতাস। অতিসন্তর্পণে তিনি কোর টিম সাজিয়েছেন। বেঙ্কটেশ আয়ার দৌড়ে থাকলেও নিলামে আনসোল্ড থাকা অজিঙ্কা রাহানেকে দলে নিয়ে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে নেতৃত্বভার। নিপাট ভদ্রলোক রাহানে। তাঁর অনেক সীমাবদ্ধতা রয়েছে। তিনিও স্পষ্ট জানিয়ে দিলেন, ‘চান্দু স্যারের সঙ্গে কাজ করারর জন্য মুখিয়ে। মুম্বই দলে ওঁর কোচিংয়ে খেলেছি। তাই কোনও সমস্যা হবে না।’
আর কাঁটার মুকুট পরা ডোয়েন ব্রাভো রীতিমতো সিরিয়াস। শাহরুখ খানের ভীষণই প্রিয় ডিজে ব্রাভো আপাতত গান বাজনা ভুলে ক্রিকেটে মন দিতে চান। ত্রিনিদাদ নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় অবদান ছিল। চেন্নাই সুপার কিংসে কাজ করেছেন ধোনির সঙ্গে। সেই অভিজ্ঞতাই এবার কেকেআরে ভাগ করে নিতে চান ক্যারিবিয়ান তারকা। বললেন, ‘শাহরুখ খানের মতো বস পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সঠিকভাবে পালন করতে চাই। গম্ভীরের দেখানো পথে দল সাফল্য পেয়েছে। তা আমি রাতারতি বদল করার চেষ্টা করব না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ