চেন্নাই: ৬৮৩ দিন পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফেরা সুখের হল না। আইপিএলের ইতিহাসে প্রবীণতম ক্যাপ্টেন (৪৩ বছর ২৭৮ দিন) হিসেবে মাহির রেকর্ড গড়ার দিনই লজ্জা আর অপমান সঙ্গী হল চেন্নাই সুপার কিংসের। চিপকে শুক্রবার পাঁচবারের ট্রফিজয়ীদের সংগ্রহ মাত্র ১০৩, যা ঘরের মাঠে তাদের সর্বনিম্ন স্কোর। সুনীল নারিন (৩-১৩), বরুণ চক্রবর্তী (২-২২) ও মঈন আলি (১-২০)— তিন স্পিনারের ঘূর্ণিজালেই মুখ থুবড়ে পড়ল হোমটিম। জয়ের লক্ষ্যে পৌঁছতে কলকাতা নাইট রাইডার্সের (১০৭-২) লাগল মাত্র ১০.১ ওভার। অর্থাৎ, ৫৯ বল বাকি থাকতে এল জয়। বোলিংয়ে তিন উইকেটের পর ব্যাটে ঝড় তুললেন নারিন। ১৮ বলে ৪৪ রানের ইনিংসে ক্যারিবিয়ান মারলেন দু’টি চার ও পাঁচটি ছক্কা। ষষ্ঠ ম্যাচে এটা নাইটদের তৃতীয় জয়। রান পেলেন কুইন্টন ডি’কক (২৩), অধিনায়ক অজিঙ্কা রাহানে (২০ নট আউট), রিঙ্কু সিংও (১৫ নট আউট)। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ৬। নেট রান-রেটও অনেকটা ভালো হল কলকাতার।
চেন্নাইয়ের এটা আবার টানা পঞ্চম পরাজয়। এই প্রথমবার এমন দশা তাদের। চিপকে এই নিয়ে হারের হ্যাটট্রিকও হল হলুদ জার্সিধারীদের। একসময় মনে হচ্ছিল আইপিলে নিজেদের সর্বনিম্ন স্কোরকে (৭৯) ভাঙতে চলেছে সিএসকে। কিন্তু লড়াকু শিবম দুবে (অপরাজিত ৩১) একশোর গণ্ডি পার করে দেন। অবশ্য দুটো ক্যাচ না পড়লে এবং বেশ কয়েকটা মিসফিল্ড না হলে আরও কুৎসিত দেখাত চেন্নাইয়ের ইনিংসকে।
কালো মাটির পিচে স্পিনের সামনে ল্যাজেগোবরে দেখাল সুপার কিংসদের। কলকাতার বোলারদের মধ্যে সফলতম নারিন। তাঁর চার ওভারে আসেনি কোনও বাউন্ডারি। আইপিএলে এই নিয়ে ১৬বার এমন নজির গড়লেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। এদিন নারিনের শিকার রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা ও ধোনি। স্পেনসার জনসনের জায়গায় দলে আসা মঈন আলি ফেরালেন ডেভন কনওয়েকে। আর বরুণের বলে আউট হন বিজয় শঙ্কর। ৫৯-২ থেকে মুহূর্তের মধ্যে ৭৫-৮ হয়ে যায় চেন্নাই। একসময় ৬৪ বলে আসেনি কোনও বাউন্ডারি। নেতৃত্বে ফেরার দিনে চার বলে মাহির সংগ্রহ মোটে ১। তার উপর, ঋতুরাজ গায়কোয়াড়ের আইপিএল থেকেই ছিটকে যাওয়ার পর শিবমকে ঘিরেও থাকল চোটের শঙ্কা। দিনটাই যে ধোনিদের ছিল না!