নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিস। শনিবার রাতে শালিমার স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃতের নাম প্রশান্তকুমার সাহু। ওড়িশা থেকে ট্রেনে গাঁজা এনে শিয়ালদহ এলাকায় সে সরবরাহ করত বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ডাউন করমণ্ডল এক্সপ্রেসে করে গাঁজা পাচার করা হচ্ছে, এমনটা আগেই খবর পেয়েছিল শালিমার জিআরপি। সেই মতো শনিবার রাতে স্টেশনে নজরদারি বৃদ্ধি করে রেল পুলিস। ডাউন করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশনে দাঁড়াতেই প্রশান্তকুমার সাহু নামের ওই ব্যক্তিকে একটি ভারী ব্যাগ নিয়ে নামতে দেখে পুলিস। পুলিসকে দেখেই সে ভিড়ের মধ্যে দৌড়ানোর চেষ্টা করে। তবে তাকে ঘিরে ফেলা হয়। ধৃতের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রেল পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। ওড়িশার বেহরামপুরের বাসিন্দা প্রশান্ত সেখান থেকে মাদক এনে শিয়ালদহ এলাকায় সাপ্লাই করত। ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।



