Bartaman Logo
৯ জুন, ২০২৬

সাংস্কৃতিক জালিয়াতির ফাঁদ, বিপন্ন কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট শিল্প

সঙ্কটের মুখে কাশ্মীরের শতাব্দী প্রাচীন কার্পেট শিল্প। এই বিপন্নতার নেপথ্যে তুরস্ক-ইরান থেকে আসা ‘নকল’ কার্পেট। যন্ত্র নির্মিত এই কার্পেট দামে বেশ সস্তা।

সাংস্কৃতিক জালিয়াতির ফাঁদ, বিপন্ন কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট শিল্প
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: সঙ্কটের মুখে কাশ্মীরের শতাব্দী প্রাচীন কার্পেট শিল্প। এই বিপন্নতার নেপথ্যে তুরস্ক-ইরান থেকে আসা ‘নকল’ কার্পেট। যন্ত্র নির্মিত এই কার্পেট দামে বেশ সস্তা। এই পণ্যে আসল কাশ্মীরী কার্পেটের ট্যাগ লাগিয়ে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।  বিভ্রান্ত হয়ে তা কিনছেন অনেক ক্রেতা। এরফলে কাশ্মীরি কার্পেটের বিক্রি মার খাচ্ছে। দিশাহারা হয়ে পড়ছেন হাজার হাজার স্থানীয় কারিগর। 

Advertisement

কাশ্মীরের ঐতিহ্যশালী কার্পেটের বিশ্বজোড়া খ্যাতি। হাতে তৈরি প্রতিটা কার্পেট অনন্য। কিন্তু বিগত কয়েক বছর বাজারে ছেয়েছে নকল কার্পেট। অনলাইন-অফলাইন দু’জায়গাতেই তা রমরমিয়ে বিক্রি করছেন কাশ্মীরের কিছু অসাধু ব্যবসায়ী। অবিলম্বে রাশ না টানলে প্রাচীন এই কার্পেট শিল্প হারিয়ে যাবে বলেই মনে করছেন শিল্পীরা। আব্দুল গানি (৫৮) নামে এমনই এক কারিগরের কথায়, ‘আমাদের তৈরি কার্পেট স্রেফ পণ্য নয়, শিল্পের নিদর্শন। একমাস সময় লাগে একটা তৈরি করতে। কিন্তু যন্ত্রে তৈরি কার্পেট সহজেই এই ঐতিহ্য নষ্ট করছে।’ কাজ না পেয়ে হতাশায় ভুগছেন কাশ্মীরের তরুণ শিল্পীরা। 
বিষয়টাকে ‘সাংস্কৃতিক জালিয়াতি’ বলে চিহ্নিত করেছে কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস (কেসিসিআই)। সংস্থার সভাপতি আহমেদ টেঙ্গার কথায়, ‘একসময় ৬০০কোটি টাকার ব্যবসা হলেও বর্তমানে কয়েকশো কোটিতে এসে ঠেকেছে কাশ্মীরী কার্পেটের ব্যবসা।’ অবিলম্বে বিষয়টা নিয়ে পদক্ষেপ প্রয়োজন বলেই দাবি তাঁর। সরব কাশ্মীর কার্পেট অ্যাসোসিয়েশনও। এব্যাপারে কাশ্মীরের হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটের পরিচালক এম. ইসলামের দাবি,  ‘জাল  ট্যাগ লাগানো কার্পেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আচমকা পরিদর্শন চলছে। অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’  তিনি আসল কার্পেট কিনতে ক্রেতাদের জিআই ট্যাগ ও কিউআর কোড খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। আইআইসিটি ও পিটিকিউসির মাধ্যমে যাচাই পদ্ধতি আরও আধুনিক করা হচ্ছে বলেও জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ