ভোপাল ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার বোলপুরে নারীসম্মান যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু তার আগে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র মহিলাদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে। কৈলাসের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধী দলগুলি।
মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। মেয়েদের ‘খোলামেলা’ পোশাক পরা তাঁর পছন্দ নয়। এটি আসলে বিদেশি সংস্কৃতি। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকী ছোট পোশাক পরে কেউ সেলফি তুলতে এলে তাঁকে ফিরিয়ে দেন বলে মন্তব্য করেন বিজয়বর্গীয়। তাঁর মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে নিজের শহর ইন্দোরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ছোট পোশাক পরা মেয়েরা দেখতে সুন্দর হন বলে প্রচলিত রয়েছে পশ্চিমী দেশগুলিতে। আবার কম কথা বলা নেতারাও নাকি ভালো হন। কিন্তু বিষয়টি আমি মানতে পারছি না। আমি মনে করি, আমাদের দেশের মেয়েরা দেবীর মতো। তাঁদের ভারতীয় ঐতিহ্য বজায় রেখে ভালো পোশাক পরা উচিত। খোলামেলা পোশাক পরা মেয়েদের আমি মোটেও আকর্ষণীয় বলে মনে করি না।’
বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি বিভা প্যাটেল বলেন, আমার মনে হয় দলে একঘরে হয়ে পড়েছেন বিজয়বর্গীয়। মহিলাদের নিয়ে মন্তব্য তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপির উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃণমূল মহিলা শাখার বক্তব্য, বিজেপি মহিলাদের সম্মান জানাতে জানে না। বাংলার মহিলারাই আগের ভোটে বিজেপিকে যোগ্য জবাব দিয়েছেন। তেমনই ছাব্বিশের বিধানসভা ভোটেও বিজেপি উত্তর পেয়ে যাবে মহিলাদের অসম্মান করার। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, নারী বিদ্বেষ বিজেপির রক্তে মিশে আছে। তাই তাঁরা কখনও এমন নরপিশাচদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা হয়েছে, কৈলাস বিজয়বর্গীয় যে বক্তব্য রেখেছেন, তাতে ওনার দৃষ্টিভঙ্গিকে কি সমর্থন করেন? মহিলাদের অসম্মান করা বিজেপির অঘোষিত নীতিতে পরিণত হয়েছে? অবিলম্বে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাঁকে ইস্তফা দিতে বলুন। এর থেকে কম শান্তি হলে আপনি এসব মন্তব্যের সমর্থন করেছেন ধরে নেওয়া হবে। এই আবহে এদিন কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানানো হয় এই মিছিল থেকে। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও শশী পাঁজা, মালা রায়, কৃষ্ণা চক্রবর্তী, চৈতালি চট্টোপাধ্যায় প্রমুখ হাজির ছিলেন।
এদিকে, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনাতেও মহিলা কমিশন নীরব থাকে বলে অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি।