নয়াদিল্লি: বাস্তব পরিস্থিতি অস্বীকার করার উপায় নেই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আর্জি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এব্যাপারে আট সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। জম্মু ও কাশ্মীরের কলেজ অধ্যাপক জহুর আহমেদ এবং সামজকর্মী খুরশিদ আহমেদ মালিক আবেদনে জানান, বাসিন্দাদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। রাজ্যের মর্যাদা ফেরানোর আগেই বিধানসভা গঠন করা যুক্তরাষ্ট্রীয় কাঠোমোর পরিপন্থী। ২০২৩ সালের ডিসেম্বরে বিধানসভা ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপর ২১ মাস কেটে গেলেও তা বাস্তবায়িত হয়নি। এদিন তাঁদের হয়ে আদালতে পিটিশন জমা দেন আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ। এপ্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, ‘পহেলগাঁওয়ের মতো ঘটনার বিষয়গুলি এড়িয়ে যাওয়া যায় না। জম্মু ও কাশ্মীরের বাস্তব পরিস্থিতি বিবেচনা করতে হবে।’ এদিন কেন্দ্রের তরফে শুনানিতে হাজির ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেন, এটা সত্যি, নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস আমরা দিয়েছিলাম। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে অদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। সবদিক বিবেচনা করে জম্মু ও কাশ্মীর নিয়ে সিন্ধান্ত নেওয়া প্রয়োজন।