নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেকনিক্যাল কারণে দু’মাস কাজ করেও বেতন পাচ্ছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩২ জন প্রাক্তন সেনাকর্মী। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে চরম ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। হাইকোর্টের নির্দেশে সৈনিক বোর্ড থেকে ৩০ জন নিরাপত্তারক্ষী এবং ২ সুপারভাইজারকে নিয়োগ করেছিল বিশ্ববিদ্যালয়। ডিসেম্বর থেকে কাজ করে এলেও তাঁরা বেতন পাননি। কর্মীদের বেতন ২৯ হাজার টাকা করে।
সুপারভাইজারদের বেতন কিছুটা বেশি। এই টাকা শিক্ষাদপ্তরের দেওয়ার কথা। তবে সেই টাকা মেইনটেনেন্স খাতে ঢুকবে, নাকি অন্য কোনও নতুন খাতে দেওয়া হবে, তা নিয়েই আলোচনা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এক কর্তা। তবে তিনি আশাবাদী, দু’-একদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে জাানান তিনি। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীদের যেভাবে বেতন দেওয়া হয়, এক্ষেত্রে তা হবে না। এই বেতন সরাসরি সরকারের দেওয়ার কথা। সেখানেই কোনও পদ্ধতিগত জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ কতদূর হল, তা নিয়ে আজ, মঙ্গলবার হাইকোর্টে হলফনামা জমা দিতে যাবেন রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল।