নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি প্রকল্পের সমীক্ষাকে ঘিরে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটল ভাঙড়ে। সোমবার ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি-২ পঞ্চায়েতের ভুমরু গ্রামে। জানা গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ঘরে ঘরে গিয়ে সমীক্ষার কাজ চলছিল। এই কাজ করতে গিয়ে তৃণমূলের এক সদস্যের বাড়িতে যখন পঞ্চায়েতের কর্মীরা গিয়েছিলেন, তখন আইএসএফের কয়েকজন সেখানে হাজির হয়ে কাজে বাধা দেন বলে অভিযোগ। আগের দিনই তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা আইএসএফের নেতা-কর্মীদের সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ার দাবি তুলেছিলেন। আইএসএফের কর্মীরা সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, তৃণমূলের কর্মীদের বাড়িতেও কোনো সমীক্ষা করতে দেব না আমরা। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে মারামারি বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জেলা পরিষদের আইএসএফ সদস্য রাইনুর হক বলেন, ওরা মিথ্যা অভিযোগ করছে। ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে সমীক্ষার নাম করে ওরা নিজেদের কর্মীদের নাম তালিকায় তুলছিল। আর আইএসফে কর্মীদের নাম বাদ দিচ্ছিল। এই নিয়ে প্রতিবাদ করলে ওরা মারমুখী হয়ে ওঠে।



