সংবাদদাতা, উলুবেড়িয়া: গত ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। রবিবার আধুনিকীকরণের কাজ সেই শেষ হওয়ার পরও সোমবার ট্রেন চলাচল স্বাভাবিক হল না। ফলে সপ্তাহের প্রথম দিনেই তীব্র দুর্ভোগ পোহাতে হল নিত্যযাত্রী থেকে ফুল ব্যবসায়ীদের। বাদুড়ঝোলা হয়েও অনেককে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। যদিও রেল সূত্রের খবর, ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সোমবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে একের পর এক লোকাল ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। উলুবেড়িয়া, বাগনান, বাউড়িয়া, ফুলেশ্বর সহ একাধিক স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকেন নিত্যযাত্রীরা। এমনকী দূরপাল্লার ট্রেনও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। লোকাল ট্রেন না পেয়ে অনেককেই ১৬ নম্বর জাতীয় সড়কে গিয়ে দূরপাল্লার বাস ধরতে দেখা যায়। যদিও প্রতিটি বাসেই ছিল বাদুড়ঝোলা ভিড়।
এদিন সকালে উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে গিয়ে দেখা গেল, স্ট্যান্ডে বাস ধরার জন্য প্রচুর মানুষের ভিড়। যে ক’টি বাস আসছে, তার সব ক’টিতেই প্রচণ্ড ভিড়। নিত্যযাত্রীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই লাইনে লোকাল ট্রেন অনিয়মিত চলছে। প্রতিদিন অফিস-কাজে যেতে এবং ফিরতে অনেক দেরি হচ্ছে। আমরা ভেবেছিলাম সাঁতরাগাছিতে কাজ শেষ হয়ে গেলে সমস্যা মিটবে। যদিও প্রথম দিনেই দেখা যাচ্ছে, সমস্যা আরও বেড়ে গেল।
অনিয়মিত এই ট্রেন চলাচলের ফলে সমস্যায় পড়েন ফুল ব্যবসায়ীরাও। তাঁরা জানান, ভোর থেকেই ট্রেনে করে হাওড়ার জগন্নাথ ঘাটে ফুল নিয়ে যেতে হয়। ট্রেনের এই দুর্ভোগের জন্য বাসে বা অন্য গাড়ি করে যেতে হয়েছে। এর ফলে ফুল বিক্রি করে আয়ের অঙ্ক কিছুটা কমবে।
অনিয়মিত ট্রেন চলাচল সর্ম্পকে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, রবিবার সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড আধুনিকীকরণের কাজ শেষ হলেও কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তাই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করায় এই সমস্যা হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।