


দুবাই: তুরস্কের আকাশসীমায় ফের ধ্বংস করা হল ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল। ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। দেশটির দক্ষিণ-পূর্বের গাজিয়ানটেপ প্রদেশে ওই ক্ষেপণাস্ত্রের টুকরো আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। যদিও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেও তুরস্ক লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও ন্যাটোর এয়ার ডিফেন্স সেটিকে গাজিয়ানটেপের আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। ইরান বারবার তাদের টার্গেট করায় ব্যাপক ক্ষুব্ধ তুরস্ক। সেদেশের প্রশাসন জানিয়েছে, ইরান যদি ফের আক্রমণের চেষ্টা করে, তাহলে তারাও পালটা পদক্ষেপ করতে কোনো দ্বিধা করবে না। ইরানকে গণ্ডির বাইরে না বেরতেও সতর্ক করে দিয়েছে তারা। শুধু মুখে সতর্ক করাই নয়, ইরান সীমান্তে আকাশসীমা সুরক্ষিত করার কাজও শুরু করে দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানে এফ-১৬ যুদ্ধবিমান ও এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। ইরান বারবার তুরস্ককে টার্গেট করায় ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলিও চলতি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, ন্যাটোর ৫ নম্বর ধারা অনুযায়ী, গোষ্ঠীভুক্ত একটি দেশ আক্রান্ত হয়, তাহলে তা অন্য দেশের উপরও আক্রমণ বলে ধরা হবে।