Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নাইটদের প্র্যাকটিস ম্যাচ: ডি’কক, বেঙ্কটেশের ব্যাটে ঝড়

নাইটদের প্র্যাকটিস ম্যাচ: ডি’কক, বেঙ্কটেশের ব্যাটে ঝড়
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধ্বংসী মেজাজে বেঙ্কটেশ আয়ার ও কুইন্টন ডি’কক। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ম্যাচে নজর কাড়লেন দুই বাঁ-হাতিই। তবে রান পেলেন না অধিনায়ক অজিঙ্কা রাহানে। নিঃসন্দেহে যা চিন্তায় রাখছে নাইট ম্যানেজমেন্টকে।

Advertisement

বুধবার কোটিপতি লিগের প্রস্তুতি শুরু করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এদিন টিম পার্পল ও টিম গোল্ড, এই দু’দলে বিভক্ত হয়ে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে জোর দেওয়া হয়। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে টিম গোল্ড তোলে ২১৫। ওপেন করতে নেমে বেঙ্কটেশ আয়ার মাত্র ২৬ বলে করেন ৬১। অবশ্য তিনবার জীবন পান তিনি। ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ পূর্ণ করেন নাইটদের সহ-অধিনায়ক। তিনি রিটায়ারিং আউট হলে নামেন মঈন আলি। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি ইংল্যান্ডের অলরাউন্ডার। বড় রান পাননি মণীশ পাণ্ডেও। দু’বার ব্যাট করতে এসেও রভম্যান পাওয়েল দাগ কাটতে ব্যর্থ। শেষপর্বে টানা চারটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে দুশোর ওপারে পৌঁছে দেন রামনদীপ সিং। উল্লেখ্য, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ও রামনদীপকে নিয়ে গড়া নাইটদের লোয়ার মিডল অর্ডার যে কোনও বোলিং আক্রমণকে ভয় ধরানোর ক্ষমতা ধরে।
জবাবে টিম পার্পলের হয়ে ওপেন করতে আসেন ডি’কক এবং অংক্রিশ রঘুবংশী। পেসার অ্যানরিখ নর্তজে শুরু করেন নো-বল দিয়ে। ফ্রি-হিটে ছক্কা মারেন ডি’কক। নর্তজের প্রথম ওভারে ওঠে ১৭ রান। ডি’কক শেষ পর্যন্ত মাত্র ২২ বলে করেন ৫২। রাহানে অবশ্য ফেরেন পাওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে। দু’বার ব্যাট করতে নেমেও রান পাননি রঘুবংশী।

Advertisement
সম্পর্কিত সংবাদ