Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা আঘাত হানলে প্রত্যাঘাত ভারতে, দিল্লি-মুম্বইতে হামলার জন্য ভাবব না: প্রাক্তন পাক হাই কমিশনার

অপারেশন সিন্দুরের ক্ষত এখনও মেরামত করে চলেছে পাকিস্তান। প্রায় এক বছর আগে ভারতের সেই জঙ্গি নিকেশ অভিযান নিয়ে মাঝে মাঝেই হা-হুতাশ ধরা পড়ে পাকিস্তানি নেতাদের মুখে।

আমেরিকা আঘাত হানলে প্রত্যাঘাত ভারতে, দিল্লি-মুম্বইতে হামলার জন্য ভাবব না: প্রাক্তন পাক হাই কমিশনার
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: অপারেশন সিন্দুরের ক্ষত এখনও মেরামত করে চলেছে পাকিস্তান। প্রায় এক বছর আগে ভারতের সেই জঙ্গি নিকেশ অভিযান নিয়ে মাঝে মাঝেই হা-হুতাশ ধরা পড়ে পাকিস্তানি নেতাদের মুখে। এই অবস্থায় দিল্লি ও মুম্বইয়ের মতো জায়গায় হামলা নিয়ে মন্তব্য করে বিতর্কে প্রাক্তন পাক হাইকমিশনার আবদুল বাসিত। শনিবার স্থানীয় টিভি চ্যানেল এবিএন নিউজে বাসিত বলেন, আমেরিকার দ্বারা আক্রান্ত হলে ভারতের দিল্লি এবং মুম্বইতে হামলা করা পাকিস্তানের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। আমেরিকার আক্রমণের প্রতিক্রিয়ায় কেন ভারতে আঘাত হানা হবে, সেই কার্য-কারণ ব্যাখায় যাননি একদা ভারতে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক বাসিত। তাঁর মন্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় বিদেশ মন্ত্রক। 

Advertisement

সম্প্রতি পাকিস্তানের একটি ক্ষেপণাস্ত্র কর্মসূচির পর্দা ফাঁস করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবার্ড। ‘২০২৬ অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট’ নিয়ে মার্কিন হাউজ ইন্টেলিজেন্স কমিটির কাছে তুলসী জানান, আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এই নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতকে নিশানা করেন এই প্রাক্তন কূটনীতিক। তুলসীর সঙ্গে ভারতের কোনো যোগ না থাকলেও তাঁকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ বলে জানিয়েছেন বাসিত। তাঁর কথায়, ‘তুলসী তো একজন ভারতীয় বংশোদ্ভূত। তাই তিনি ভারতের স্বার্থই দেখবেন। পাকিস্তানের লক্ষ্য একেবারেই ভারত কেন্দ্রীক। তুলসী কেবল আমাদের ক্ষেপণাস্ত্রই দেখতে পেলেন। ভারতের অগ্নি ৫ এবং অগ্নি ৬ ক্ষেপণাস্ত্র তাঁর চোখ এড়িয়ে গেল। আমাদের এতটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেই। আশা করি সেই পাল্লা বাড়বে।’ 
পাকিস্তানকে নিশানা করলেও আমেরিকার কৌশলগত অংশীদার হওয়ার কারণেই মার্কিন রিপোর্টে ভারতের কোনো উল্লেখ নেই বলে বাসিত জানিয়েছেন। তাঁর কথায়, ‘ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসার পরে আমেরিকার সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, তারা কখনও আমাদের কৌশলগত অংশীদার হবে না।’ বিতর্কিত সাক্ষাতকারে চীন ও পাকিস্তানের কৌশলগত অংশিদারিত্ব রয়েছে বলে দাবি করেছেন বাসিত। এরপরেই একটি কাল্পনিক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘দেখা গেল ইরানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তখন ইজরায়েল আমাদের দিকে নজর দিয়েছে। আর আমেরিকা আমাদের পরমাণু কর্মসূচিতে আঘাত হেনেছে। এটা অসম্ভব। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা বিবেচনা করে এমনটা ঘটলে ভারতে আক্রমণ করা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।’ অনুষ্ঠানের সঞ্চালক তখন মুম্বইয়ে জঙ্গি হামলার কথা মনে করিয়ে সেরকমই হামলা হবে কি না, জানতে চান। সরাসরি উত্তর না দিয়ে বাসিত বলেন, ‘আমরা আগেও এমনটা করেছি। ভবিষ্যতেও একই রকম হামলা করব।’    

Advertisement
সম্পর্কিত সংবাদ