Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

আফগানিস্তানকে দুরমুশ করে যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। বুধবার সেমি-ফাইনালে ৩১১ রানের টার্গেট তাড়া করে জয় এল সাত উইকেটে, ৫৩ বল বাকি থাকতে।

যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

বুলাওয়া: আফগানিস্তানকে দুরমুশ করে যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। বুধবার সেমি-ফাইনালে ৩১১ রানের টার্গেট তাড়া করে জয় এল সাত উইকেটে, ৫৩ বল বাকি থাকতে। কতটা আধিপত্য নিয়ে আয়ুষ মাত্রের দল হারিয়েছে আফগানদের, এতেই স্পষ্ট। অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে এটাই ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়। ২০০২ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে পরে ব্যাট করে টিম ইন্ডিয়া জিতেছিল ৩০৬ রান তুলে। শুক্রবার ফাইনালে মুখোমুখি প্রতিযোগিতার দুই অপরাজিত দল ভারত ও ইংল্যান্ড।

Advertisement

সেমি-ফাইনালে ভারতের জয়ের নায়ক অ্যারন জর্জ। কেরলের কোট্টায়ামে জন্মানো ডানহাতি ওপেনারের ব্যাটে এল ১১৫ রান। ১০৪ বলের ইনিংসে তিনি মারেন ১৫টি চার ও দু’টি ছক্কা। তাৎপর্যের হল, চলতি আসরে মোটেই ছন্দে ছিলেন না তিনি। আগের তিন ইনিংসে এসেছিল মাত্র ৪৬ রান। কিন্তু এদিন নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন অ্যারন। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তাই ব্যাটে অবদান রাখতে পেরে তৃপ্ত। এবার ফাইনালে দলকে জেতানোই লক্ষ্য।’

তিনশো প্লাস রান তাড়া করতে নেমে ওপেনিংয়েই জয়ের ভিত গড়ে দেয় অ্যারন ও বৈভব সূর্যবংশীর জুটি। ৯.৩ ওভারে ওঠে ৯০। শুরুতে অ্যারনের তুলনায় বেশি আক্রমণাত্মক দেখায় বৈভবকে। পঞ্চাশ আসে মাত্র ২৪ বলে। বিস্ময় প্রতিভা শেষ পর্যন্ত ৩৩ বলে করে ৬৮। এদিন রান পান ক্যাপ্টেন মাত্রেও। এই আসরে তাঁর ফর্মও চিন্তায় রেখেছিল দলকে। কিন্তু বৈভব আউট হওয়ার পর তিনে নামা মাত্রে ৫৯ বলে করেন ৬২। চারে নামা বিহান মালহোত্রা অপরাজিত থাকেন ৩৮ রানে। ৪১.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে চার উইকেটে ৩১০ তোলে আফগানিস্তান। তিন নম্বরে নামা ফয়জল শিনোজাদা ৯৩ বলে করেন ১১০। শতরান পান চারে নামা উজাইরুল্লাহ নিয়াজাই’ও। ৮৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে কনিষ্ক চৌহান ও দীপেশ দেবেন্দ্রন দু’টি করে উইকেট নেন।

 ম্যাচের সেরা অ্যারন জর্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ