নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ংয়ের ইস্ট বেঙ্গলে যোগদান বিশ বাঁও জলে। পাসপোর্ট সমস্যাই এর প্রধান কারণ। পরিবর্তে পোলিশ ফরোয়ার্ড লুকাসকে সই করিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু অজ্ঞাত কারণে তাঁকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। যুবভারতীতে আল সিবের বিরুদ্ধে এসিএল টু’য়ের মরণ-বাঁচন ম্যাচে লুকাসকে শেষদিকে নামিয়েছিলেন হাবাস। তা নিয়ে সমালোচনা করছেন অনেকেই। এদিনের সিদ্ধান্ত আরও বিস্ময়কর। শনিবার আইএসএলে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়ান। কিন্তু স্কোয়াডে জায়গা হয়নি লুকাসের। তাঁকে ছাড়াই শুক্রবার চেন্নাই পৌঁছাল হাবাস ব্রিগেড। স্প্যানিশ কোচ এমনিতে ডোন্ট কেয়ার। ইডলি, দোসা, সম্বরের শহরে ৩ পয়েন্ট এলে দীপাবলির আগেই রংমশাল জ্বালাবেন সমর্থকরা। অন্যথায় লুকাসের অনুপস্থিতি নিয়ে বিতর্ক বাড়বেই। ম্যাচের আগে হাবাসের মন্তব্য, ‘ফুটবলারদের উপর ভরসা আছে। সবাই সেরাটা দিতে তৈরি।’
আইএসএলে প্রথম দু’ম্যাচে ৬ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। তালালদের বশ মানাতে পারলে জয়ের হ্যাটট্রিক পূর্ণ হবে। তবে ভুললে চলবে না, এর মধ্যে এসিএল টু’য়ে আল সিবের কাছে পরাস্ত হয়েছে মশাল বাহিনী। হারের ধাক্কা পারফরম্যান্সে প্রভাব ফেলবে না তো? কিছুটা উদ্বেগ তো থাকছেই। তার উপর চোটের কারণে আনোয়ার নেই। জিকসন দলের সঙ্গে গেলেও পুরো ফিট নন। তাই শৌভিককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে লাল-হলুদ সারথি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ৩ পয়েন্টই লক্ষ্য হাবাসের। দলের আসল শক্তি মাঝমাঠ। রশিদ ও রামিরেজের কম্বিনেশন ইস্ট বেঙ্গলের ইঞ্জিন। দুই বিদেশি কেমন পারফর্ম করেন তার উপর ম্যাচের রং অনেকটাই নির্ভর করবে। পাশাপাশি লক্ষ্যভেদের দুর্বলতা চিন্তার কারণ। মিজো স্নাইপার ডেভিড কিছুটা নিষ্প্রভ। ডুরান্ড ফাইনালের নায়ক এডমুন্ড গোলের বুটজোড়া খুঁজছেন। এক্ষেত্রে আইভরি কোস্টের একে লোবাকে খেলানোর ভাবনায় থিঙ্কট্যাঙ্ক। গতবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে ৩-১ গোলে বশ মানিয়েছিলেন বিপিনরা। এবারও বিপক্ষ দুর্গে কামান দাগতে তৈরি ইস্ট বেঙ্গল।
চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি চেন্নাইয়ান। যুবভারতীতে মোহন বাগানকে কোণঠাসা করেও ম্যাচ হারে ক্লিফোর্ডের দল। মাঝমাঠের দুই বিদেশি তালাল, নিকোলা দলের প্রধান ভরসা। তবে কার্ড সমস্যায় বিদেশি ডিফেন্ডার ইমানুয়েল নেই। আইএসএলে এই দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। ইস্ট বেঙ্গলের জয়ের সংখ্যা ৪। হার ৩ টি ম্যাচে। ঘরের মাঠে জিতে পরিসংখ্যানে সমতা ফেরাতে মরিয়া চেন্নাইয়ান।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ইউটিউবে।



