শিবিরে সিরাজ, বিরাটই ভরসা দিচ্ছেন ভারতকে, দ্বিতীয় একদিনের ম্যাচে বৃষ্টির আশঙ্কা
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েলিংটন: পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে দাপটে এসেছে জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের নজর কেড়েছিল তরুণ পেস আক্রমণ। তাঁদের সাজিয়ে দেওয়া মঞ্চে রান তাড়া করতে নেমে বিরাট কোহলি যথারীতি দেখিয়েছিলেন ভরসা। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুসারে, প্রথমার্ধে তা ৬০ শতাংশ, দ্বিতীয়ার্ধে ৫৫ শতাংশ। শুক্রবার তো বৃষ্টির কারণে নিউজিল্যান্ড প্র্যাকটিস সারল ওয়েলিংটন কলেজের ইনডোরে। আর টিম ইন্ডিয়া বাতিল করল প্র্যাকটিস সেশনই। আবহাওয়া মোটেই স্বস্তি দিচ্ছে না ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে খেলার সময় দু’দলকে চিন্তায় রেখেছিল ছোট স্ট্রেট বাউন্ডারি। বোলাররা তাই শর্টপিচ ডেলিভারিতে জোর দিয়েছিলেন। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামের আকার অবশ্য এর একেবারেই উলটো। এখানে বাইশ গজের দু’পাশ চ্যাপটা। ফলে স্কোয়ার বাউন্ডারি খুই ছোট আর স্ট্রেট বাউন্ডারি তুলনায় লম্বা। ফলে, কাট-পুলে জোর দেবেন ব্যাটাররা। বোলারদের তাই বদলাতে হবে লেংথ। শর্টপিচ ডেলিভারি আর নয়, সামনের পায়ে খেলাতে চাইবেন ব্যাটারদের। ভারতীয় বোলারদের মধ্যে অকল্যান্ডে একমাত্র আকিব নবি ছিলেন উইকেটহীন। শনিবার তাঁর পরিবর্তে প্রথম এগারোয় আসতে পারেন অভিজ্ঞ মহম্মদ সিরাজ। ‘এ’ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্টের পর স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। সিরাজ খেললে নতুন বলে অর্শদীপ সিংয়ের সঙ্গে আক্রমণ শুরু করতে পারেন। আবার প্রথম ম্যাচে সেরার স্বীকৃতি পাওয়া অংশুল কম্বোজের হাতেও উঠতে পারে নতুন বল। কারণ, তিনি রীতিমতো স্যুইং পাচ্ছিলেন। ৪৬টা ডটবলও করেন। দশ ওভারে মাত্র ২২ রানে দুই উইকেট, কম্বোজ ভরসা জুগিয়েছেন দলকে। বল পুরানো হওয়ার সঙ্গে সঙ্গে বাউন্স কাজে লাগিয়ে কার্যকরী ভূমিকা নেন গুরনুর ব্রার। তাঁর পকেটে আসে তিন উইকেট। তবে চার উইকেট নেওয়া অর্শদীপই ছিলেন সফলতম। ত্রয়ীর দাপটে কিউয়িরা শেষ হয় ১৮৫ রানে। এর নেপথ্যে ফিল্ডিংয়েরও ছিল বড়ো ভূমিকা। রোহিত শর্মার থ্রোয়ে ড্যারিল মিচেলের রান আউট বা দ্বিতীয় স্লিপে শরীর ছুড়ে একহাতে নেওয়া বিরাটের ক্যাচ ‘রো-কো’ জুটির পক্ষেও ইতিবাচক বার্তা দিয়েছে।
ভারতীয় ব্যাটারদের মধ্যে অকল্যান্ডে বিরাট ও শুভমান গিল ছাড়া কাউকে অবশ্য স্বচ্ছন্দ দেখায়নি। রোহিত কোনো রান না করেই ফেরেন ড্রেসিং-রুমে। শ্রেয়স আয়ারকে আবার বাউন্সার থিওরিতে ফেরায় বিপক্ষ। অক্ষর প্যাটেলও একই ভাবে আউট হন। তারই মধ্যে বিরাটকে দেখে মনে হচ্ছিল, একেবারেই অন্য পিচে ব্যাট করছেন তিনি। এতটাই সাবলীল, এতটাই আত্মবিশ্বাসী। ফের তাঁকে এই মেজাজে দেখার অপেক্ষায় ক্রিকেটমহল। নিউজিল্যান্ড এই সিরিজে পাচ্ছে না ওপেনার ডেভন কনওয়েকে। ফিল্ডিং প্র্যাকটিসে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। পরিবর্ত হিসাবে স্কোয়াডে এসেছেন বাঁ-হাতি নিক কেলি। 
 খেলা শুরু সকাল ৭-৩০ মিনিটে। 
সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্কে।