Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খালনার বন্দ্যোপাধ্যায় পরিবারে উমাকে ভোগের সঙ্গে দেওয়া হয় মাছ, মাছের টক

আমতা বিধানসভার খালনা প্রাচীন একটি জনপদ। প্রায় ৩০০ বছর আগে রামদেব বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বড়জোড়া থেকে এসে ঘন জঙ্গলে ঘেরা এই এলাকায় বসতি স্থাপন করেন।

খালনার বন্দ্যোপাধ্যায় পরিবারে উমাকে ভোগের সঙ্গে দেওয়া হয় মাছ, মাছের টক
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার খালনা প্রাচীন একটি জনপদ। প্রায় ৩০০ বছর আগে রামদেব বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বড়জোড়া থেকে এসে ঘন জঙ্গলে ঘেরা এই এলাকায় বসতি স্থাপন করেন। পরবর্তী সময়ে ওই পরিবারের সদস্য রাধাবল্লভ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ননীবালাদেবী স্বপ্নাদেশ পেয়ে দেবী দশভুজার পুজো শুরু করেন। এই বছর এই পুজো ২০৮ বছরে পদার্পণ করল। বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে খবর, রাঢ়ি শ্রেণির ব্রাহ্মণ হিসেবে সামবেদ মতে পুজো হয় এই পরিবারে। নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে একচালা প্রতিমা তৈরি করা শুরু হয়। দেবীকে ডাকের সাজ পরানো হয়। পরিবারের সদস্য অমল বন্দ্যোপাধ্যায়, কাশীনাথ বন্দ্যোপাধ্যায় সহ অন্য সদস্যরা জানান, ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়। নিয়ম, নিষ্ঠা সহকারে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হয়। সন্ধিপুজোয় পরিবারের সদস্যরা বিভিন্ন ফল বলি দেন। সপ্তমী ও নবমীর দিন মাকে অন্নভোগ, ভাজা, তারকারি ও রুইমাছের ভোগ দেওয়া হয়। সঙ্গে থাকে তেঁতুল ও চুনোমাছের টক। এছাড়াও অষ্টমী ও সন্ধি পুজোতেও বিশেষ ভোগের ব্যবস্থা থাকে। পরে দশমীর দিন বাড়ির প্রতিষ্ঠিত পুকুরে প্রতিমা বির্সজন দেওয়া হয়।

Advertisement

কর্মসূত্রে পরিবারের যাঁরা বাইরে থাকেন, পুজোর দিনগুলিতে তাঁরাও গ্রামের বাড়িতে চলে আসেন। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্টপতি প্রণব মুখোপাধ্যায়ের বড়দিদি অন্নপূর্ণাদেবীও এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণে প্রণব মুখোপাধ্যায় কিশোর অবস্থায় একাধিকবার এই পুজোয় যোগ দিয়েছিলেন।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ