Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোহিত-বোল্টের দাপটে দুরমুশ হায়দরাবাদ

রোহিত-বোল্টের দাপটে দুরমুশ হায়দরাবাদ
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: টানা চার জয়ে ঝলমলে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে দুরমুশ করল হার্দিক পান্ডিয়ার দল। সেই সুবাদে টেবিলে তৃতীয় স্থানে উঠে এল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। উল্লেখ্য, ঘরের মাঠ উপ্পলে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছিল ৮ উইকেটে ১৪৩। জবাবে ২৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বই (১৪৬/৩)। সৌজন্যে রোহিত শর্মার চওড়া ব্যাট। রান তাড়ায় ৮টি চার ও ৩টি ছক্কা সহ ৪৬ বলে ৭০ রানের ইনিংস উপহার দেন হিটম্যান। তবে জয়ের প্রধান নায়ক ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের তারকা পেসারের ৪ উইকেটের সুবাদেই দেড়শোর গণ্ডি টপকাতে পারেনি হায়দরাবাদ।

Advertisement

চলতি মরশুমের শুরুর দিকে ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন রোহিত শর্মা। তবে গত ম্যাচে স্বমহিমায় ফেরেন হিটম্যান। তাঁর ঝোড়ো ৭৬ রানের সুবাদে চেন্নাইকে বশ মানিয়েছিল মুম্বই। বুধবারও সেই ছন্দ ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু রান তাড়া করতে নেমে শুরতেই ধাক্কা খেয়েছিল মুম্বই। ব্যক্তিগত ১১ রানে আউট হন ওপেনার রায়ান রিকেলটন। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে জয়ের পথে এগিয়ে দিলেন রোহিত। মাত্র ৩৫ বলেই অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তারপর আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। শেষ পর্যন্ত ৭০ রান করে তিনি যখন আউট হলেন দলের স্কোর ৩ উইকেটে ১৩০। জয়ের জন্য দরকার মাত্র ১৪ রানের। যা তুলতে সমস্যা হয়নি সূর্য-তিলকদের। ১৯ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার। 
এদিকে, সাত ম্যাচের পাঁচটিতে হেরে আগেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল হায়দরাবাদের। বুধবার মুম্বইয়ের বিরুদ্ধেও চেনা ছন্দের ধারেপাশে পৌঁছতে পারল না কামিন্সের দল। মরণ-বাঁচন পরিস্থিতিতে জ্বলে উঠতে ব্যর্থ তারা। টস হেরে ব্যাট করতে নেমে বোল্ট-চাহারের আগুনে বোলিংয়ের সামনে ১৩ রানেই ৪ উইকেট খোয়ায় তারা। ওপেনার ট্রাভিস হেড (০) খাতা খুলতেই ব্যর্থ। পরের ওভারে ঈশান কিষান ‘মহান’ সাজতে গিয়ে দলকে বিপদে ফেললেন। দীপক চাহারের বল তাঁর ব্যাটের পাশ দিকে গেলেও সংযোগ হয়নি। এমনকী মুম্বইয়ের কোনও ক্রিকেটার আবেদনও করেননি। তবুও আউট ভেবে প্যাভিলিয়নের পথ ধরলেন ঈশান (১)। পরে রিপ্লে’তে দেখা যায় বল তাঁর ব্যাটেই লাগেনি। অভিষেক শর্মার ব্যাট থেকেও ৮ রানের বেশি আসেনি। মনে হচ্ছিল, আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জা আরসিবি’র (৪৯ রান) থেকে ছিনিয়ে নেবে হায়দরাবাদ। কিন্তু কমলা বাহিনীর মুখরক্ষা করলেন হেনরিখ ক্লাসেন। ৪৪ বলে তাঁর ৭১ রানের সুবাদে দেড়শোর কাছাকাছি পৌঁছয় হায়দরাবাদ। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। তার জেরে টেবিলে নবম স্থানে ধুঁকছে প্যাট কামিন্সের দল (৮ ম্যাচে ৪ পয়েন্ট)।

Advertisement
সম্পর্কিত সংবাদ