নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে উদ্ধার হল পরিচারিকার ঝুলন্ত দেহ। রবিবার সকালে বছর ষোলোর ওই পরিচারিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ফ্ল্যাটের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গল্ফগ্রিন থানার পুলিস। তারা তাকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গল্ফগ্রিন থানার পুলিস। লালবাজার সূত্রের খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতীই হয়েছে কিশোরী।



