তেহরান: মাঝে মাত্র দু’দিন। ২২ এপ্রিলই যুদ্ধবিরতির মেয়াদ শেষে হচ্ছে। মেয়াদ শেষে ফের কী রক্তক্ষয়ী যুদ্ধে ফিরবে পশ্চিম এশিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছে আন্তর্জাতিক দুনিয়া। এই অবস্থায় ইরান জানিয়ে দিল, আমেরিকার সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি এসেছে ঠিকই। তবে চুক্তি স্বাক্ষর করতে এখন বহু দূর যেতে হবে। ইরানের হয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছেন সেদেশের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। সেই ঘালিবাফ শনিবার বলেন, ‘আলোচনা চললেও মত পার্থক্যের বিষয়গুলি নিয়ে ঐকমত্য হচ্ছে না। এখনই দূরত্ব কমার সম্ভাবনা কম। মতের মিল হলেই চূড়ান্ত আলোচনা শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা শত্রুদের উপর কোনো আঘাত করিনি। ওরা এখনও অস্ত্র এবং অর্থের জোরে বলীয়ান। তবে আমাদের চোখে ওরা কৌশলগতভাবে পরাজিত হয়েছে।’ এই পরিস্থিতিতে সকলের নজর হরমুজ প্রণালী নিয়ে দু’পক্ষের অবস্থানে। ঘালিবাফ বলেন, ইরানের বন্দরগুলির উপর আমেরিকা এখনও অবরোধ জারি রেখেছে। আমেরিকার এই বিশ্বাসভঙ্গের কারণে এবার আমরাও হরমুজ বন্ধ করে দিয়েছি। ঘালিবাফের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌসের পক্ষ থেকেও। তাদের সাফ কথা, যতিদিন না আমেরিকা তাদের অবরোধ তুলছে। ইরানও হরমুজ প্রণালী বন্ধ রাখবে।



