নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া ও অনিকেত মাহাতোর বদলির অভিযোগ নিয়ে দায়ের হওয়া মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ করল হাইকোর্ট। হাইকোর্টের গ্রীষ্মাবকাশের সময় এই মামলা দায়ের হয়। সোমবার মামলার জরুরি শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী ১২ জুন, বৃহস্পতিবার মামলাটির শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। তবে তার আগে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। এদিন দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার তরফের আইনজীবী আদালতে বলেন, ‘যত জনের কাউন্সেলিং হয়েছিল, সকলে আবেদন অনুযায়ী পোস্টিং পেয়েছেন। মাত্র তিনজনকেই শুধু আবেদন মতো হাসপাতাল না-দিয়ে স্বাস্থ্যদপ্তর অনৈতিকভাবে বদলির সিদ্ধান্ত নিয়েছে।’



