নিজস্ব প্রতিনিধি, বরানগর: আগামী চার সপ্তাহের মধ্যে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে হবে। গত সোমবার হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী এই নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশিকার কপি শুক্রবার পুরসভার হাতে এসে পৌঁছেছে। পুরসভার তরফে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে ওই বাড়িতে থাকা সদস্যদের নোটিস দেওয়ার পাশাপাশি বাড়ি ভাঙতে দক্ষ এজেন্সিকে নিয়োগ করা হবে। দ্রুত এই প্রক্রিয়া শুরু করা হবে। যদিও হাইকোর্ট আগেই এই বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছিল। সেবার আইনি জটিলতায় তা আটকে যায়। নতুন নির্দেশ কার্যকর হবে, নাকি এবারও তা ভেস্তে দিতে নতুন করে ষড়যন্ত্র হবে, তা নিয়ে আড়িয়াদহে জোর গুঞ্জন ছড়িয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে খবরের শিরোনামে উঠে আসে আড়িয়াদহের জয়ন্ত সিং ওরফে ‘জায়ান্ট’। স্থানীয় এক যুবক ও তাঁর মাকে রাস্তায় ফেলে মারধর, তালতলা ক্লাবে এক নাবালককে ধরে এনে পাশবিক অত্যাচার, অস্ত্র প্রশিক্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে জয়ন্তর বিরুদ্ধে। শেষমেশ তীব্র বিতর্ক তৈরি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়। এই আবহে আড়িয়াদহে তার প্রাসাদোসম অট্টালিকা নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ, অন্যের জায়গা দখল ও পুকুর ভরিয়ে ওই প্রাসাদ বানানো হয়েছিল।
তদন্তে নেমে পুরসভা জানতে পারে, আড়িয়াদহের ১ নম্বর প্রতাপ রুদ্র লেনে প্রায় ১ কাঠা ৮ ছটাক জমিতে গড়া অট্টালিকা আসলে বেআইনি। এ নিয়ে মামলা হলে হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গল বেঞ্চ ওই বেআইনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে পুরসভা সময় বাড়ানোর আবেদন করলে বিচারপতির রোষের মুখে পড়ে। এরপর জয়ন্তর পরিবার ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে নানা আইনি জটিলতার পর ফের ওই বাড়ি ভাঙার নির্দেশ হয়।
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, হাইকোর্টের নির্দেশ মেনেই সমস্ত কিছু হবে। আমরা আইনজীবীর সঙ্গে এনিয়ে আলোচনা করছি। পুরসভার আইনজীবী শঙ্খশুভ্র রায় বলেন, দ্রুত বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হবে। যদি এই কাজে অতিরিক্ত সময় লাগে, তাহলে আদালতে আবেদন করে সময় চাওয়া হবে।