বেঙ্গালুরু: টানা বৃষ্টিতে নাজেহাল বেঙ্গালুরু। একাধিক এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান জল। কোথাও আবার তারও বেশি। বিপর্যস্ত জনজীবন। গৃহবন্দি বহু বাসিন্দা। বেশকিছু এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হয়েছে। গাছ পড়ে বন্ধ একাধিক রাস্তা। যার জেরে যানজট চরম আকার ধারণ করে। এরইমধ্যে সোমবার পূর্ব বেঙ্গালুরুতে দেওয়াল ভেঙে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম শশিকলা (৩৫)। স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি। এরইমধ্যে উদ্বেগ বাড়িয়ে আগামী কয়েকদিনও বেঙ্গালুরু ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশকিছু জায়গায় জারি করা হয়েছে ‘হলুদ’ ও ‘কমলা’ সতর্কতা। কর্ণাটকের প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ‘১৯ থেকে ২২ মের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ও উত্তরে ভারী বৃষ্টি হতে পারে। বেঙ্গালুরুতেও দু’দিন একই পূর্বাভাস রয়েছে।’



