নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর থাকা ঘূর্ণাবর্তটি মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপর চলে আসে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে সক্রিয়। সব মিলিয়ে অনুকূল পরিস্থিতি থাকার জন্য মঙ্গলবার সারাদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হয়েছে এদিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে।
আপাতত আগামী কাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে আগস্ট মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবচাইতে বেশি পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুরে (১০৫.৪ মিমি)। এই সময়ের মধ্যে কাঁথিতে ৯৬ মিমি, ক্যানিংয়ে ৮৩.৪ মিমি, কলকাতায় (আলিপুরে) ৬৯.৫ মিমি, উলুবেড়িয়াতে ৬০.৮ মিমি, সিউড়িতে ৬১ মিমি, সাগরদ্বীপে ৫৮.২ মিমি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালের পর রাত পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বেশি মাত্রায় বৃষ্টি চলে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুই মেদিনীপুর জেলায় অতিবৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে মৌসুমি অক্ষরেখা। সেটাও জামশেদপুর, দীঘার উপর দিয়ে গিয়েছে। মৌসুমি অক্ষরেখা এখন খুব সক্রিয়। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ ও সংলগ্ন জায়গা থেকে ঘূর্ণাবর্তটি এদিন দক্ষিণবঙ্গের উপর চলে আসে। এই কারণে মঙ্গলবার বেশি বৃষ্টি হয়েছে।