Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

আরসিবি’কে হেলায় হারাল গুজরাত

পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের কাছে ৪ উইকেটে বশ মানলেন বিরাট কোহলিরা।

আরসিবি’কে হেলায় হারাল গুজরাত
  • ১ মে, ২০২৬ ০৪:০০

আমেদাবাদ: পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের কাছে ৪ উইকেটে বশ মানলেন বিরাট কোহলিরা। ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল আরসিবি। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মগডালে পাঞ্জাব কিংস। এদিন জিতলে তাদের ছাপিয়ে যেত গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সুযোগ হাতছাড়া হল আরসিবি’র। ১৯.২ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ২৫ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছাপিয়ে যায় গুজরাত (১৫৮-৬)।

Advertisement

শুরুটা দেখে মনে হয়েছিল, দিনটা বিরাট কোহলির। দ্বিতীয় ওভারে রাবাডার পাঁচটি বলে বাউন্ডারি হাঁকান ভিকে। ২ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান দাঁড়ায় ২৭। বড় স্কোরের ইঙ্গিত স্পষ্ট। কিন্তু তৃতীয় ওভারেই বদলে গেল ছবি। সিরাজের বলে বেথেল ৫ রানে ধরা পড়লেন রশিদ খানের হাতে। পরের ওভারে মারের বদলা নিলেন রাবাডাও। ২৮ রানে বিরাটকে আউট করেন তিনি। জোড়া উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আরসিবি। তবে পাদিক্কালের সঙ্গে ক্যাপ্টেন রজত পাটীদার অবশ্য পালটা প্রত্যাঘাতের পথ খোঁজার চেষ্টা করছিলেন। পাওয়ার প্লে’তে আরসিবি তোলে ২ উইকেট হারিয়ে ৫৯। অর্থাৎ দশের কাছেই ছিল রান রেট। মনে হচ্ছিল, দুশোর আশেপাশে পৌঁছে যাবে বেঙ্গালুরু স্কোর। কিন্তু অষ্টম ওভারে আরশাদ খানের চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বিপদে পড়েন পাটীদার। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন জেসন হোল্ডার। কিন্তু বলটি মাটি স্পর্শ করেছিল, এই দাবিতে বিরাট কোহলি থার্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান। তাতে অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। পাটীদার ১৯ রানে আউট হন। 
আরসিবি’র মিডিল অর্ডারও হতাশ করেছে। জিতেশ শর্মা ১ রানে আউট হন। মারকুটে ব্যাটার টিম ডেভিডও ৯ রান করে মাঠ ছাড়েন। আসলে স্পিনার রশিদ খানের সামনে দাঁড়াতেই পারেননি বেঙ্গালুরুর ব্যাটাররা। রশিদ খান ২ উইকেট নেন ১৯ রান দিয়ে। সবচেয়ে বেশি উইকেট ঝুলিতে পুরেছেন আরশাদ খান। ২২ রানে তিনটি শিকার ঝুলিতে ভরেন তিনি। হোল্ডারের সংগ্রহ ২টি উইকেট।
জবাবে শুরুতে ধাক্কা খায় গুজরাত। দুরন্ত ফর্মে থাকা সাই সুদর্শন (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দ্রুত রান তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন শুভমান গিল। ১৮ বলে ৪৩ করে আউট হন তিনি। তারপরও রানের গতি কমতে দেননি জস বাটলার। ১৯ বলে ঝোড়ো ৩৯ রান করে দলের জয় কার্যত নিশ্চিত করে দেন তিনি। বাকি কাজটা অনায়াসে সেরে ফেলেন রাহুল তেওয়াটিয়া। ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। আরসিবি’র বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৩টি ও রোমারিও শেফার্ড ২টি উইকেট নেন।

সম্পর্কিত সংবাদ