প্রয়াণ দিবসে উত্তমকুমারকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়কের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ‘উত্তমকুমার স্মরণ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয় ধনধান্য প্রেক্ষাগৃহে। সেখানে প্রতিবারের মতো এবারও বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক সম্মান’ প্রদান করলেন মুখ্যমন্ত্রী। উত্তমকুমারের অনুরাগী মুখ্যমন্ত্রী। তাঁর আফসোস, ‘উত্তমকুমারের সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের সকলের সঙ্গেই আমার দেখা হয়েছে। কিন্তু উত্তমকুমারের সঙ্গেই দেখা হল না।’ মমতা বলেন, ‘ছোটবেলায় মায়ের হাত ধরে ভবানীপুরের বহু সিনেমা হলে ওঁর ছবি দেখেছি।’ এদিন মঞ্চে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন একটি উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে ১০০টি সিনেমা হল তৈরি করতে চলেছেন অভিনেতা। প্রত্যেকটিতে ৪০ থেকে ৫০ জন দর্শক সিনেমা দেখতে পারবেন। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও সহজে পৌঁছে যাবে সিনেমা। ফলে সিনে ইন্ডাস্ট্রির ব্যবসা বাড়বে। কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রসেনজিৎ একটা মডেল তৈরি করছে। এতে সকলেই উপকৃত হবেন।’
ধারাবাহিক প্রযোজক, পরিচালকদের প্রতি তাঁর বার্তা, ‘অনেক ভালো জিনিস রয়েছে, সেগুলির দিকে নজর দিন। সিরিয়াল চালাতে গেলে কেবল গণ্ডগোল দেখাতে হবে, এটা মানা যায় না।’



