Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

সুষুপ্তি

আহা মা, মা গো! এমনি করে যদি পরশ করে থাকিস্‌ তাহলে আর কি কিছুর জন্যে ভাবতে হয়? থাক্‌, তুই অনন্তকাল এটাকে ধরে থাক্‌।

সুষুপ্তি
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আহা মা, মা গো! এমনি করে যদি পরশ করে থাকিস্‌ তাহলে আর কি কিছুর জন্যে ভাবতে হয়? থাক্‌, তুই অনন্তকাল এটাকে ধরে থাক্‌। দেখ্‌ মা, এই স্থূলদেহটার সঙ্গে থেকে থেকে এটাকে আমি বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে ঘুরে ফিরে এটাকেই আমি বলে ফেলি। কিন্তু এটা যে আমি নই এতো ধ্যানের সময় বুঝতে পারি, এর তো কোন ভাব তখন থাকে না, কিন্তু অন্য সময় এটাকে উপলক্ষ্য করেই কাজ করতে হয়। স্থূল জগতের কাজ করবার সময় স্থূলদেহের প্রয়োজন। তাহলে জাগ্রত অবস্থায় স্থূল আর স্বপাবস্থায় বা ধ্যানাবস্থায় সূক্ষ্ম এবং সুষুপ্তি বা সমাধি অবস্থায় কারণই কাজ করে। তবে সুষুপ্তি এবং সমাধির মধ্যে ভেদ—সুষুপ্তি অজ্ঞানে, আর সমাধি জ্ঞানে। এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এতো আমি নই, এতো আমার অবস্থাত্রয়, আমি তাহলে স্থূল সূক্ষ্ম কারণ এই দেহত্রয়ের অতীত। আচ্ছা, দেহত্রয় অথবা অবস্থাত্রয়ের যা অতীত তাতো ভূমা সচ্চিদানন্দ অখণ্ডচিৎ, তবে আমি কৈ? আমি কোথায়? আমি অখণ্ডচিৎ—একথা বল্‌তে পারি না, কেন না, একটা ভেদ রয়েছে বেশ বুঝতে পারছি। বল্‌ তুই বল্‌ মা আমি কে? “… … …”

Advertisement

বেশ বলেছিস্‌ মা, তুই সাগর আমি তোর লহরী, তুই সূর্য্য আমি তোর কিরণ, তুই জ্যোতিঃপিণ্ড আমি তো বিস্ফুলিঙ্গ। আমি তোর বুকে ভাসি, তোর বুকে খেলা করি, আবার তোর বুকেই ঘুমিয়ে পড়ি; তোর বুক ছাড়া আমার আর ভাস্‌বার, খেলা করবার, ঘুমোবার স্বতন্ত্র স্থান নেই। মা মা, আমায় বেশ করে ধরে থাক মা—আমার ভুলিয়ে দিস্‌ না মা!
আমি বেশ বুঝতে পার্‌ছি আমি তোর,—আমার তোর থেকেই উৎপত্তি তোতেই নিবৃত্তি যখন, তখন আমি তো তোরই, আমি তোর, তুই আমার, কেমন মা? আমি তোর তুই আমার, আমি তোর তুই আমার, আমি তোর তুই আমার। তুইও বল্‌ মা—আমি তোর তুই আমার, আমি তোর তুই আমার, আমি তোর তুই আমার। তোমায় কি বল্‌বো বল দেখি, এবার পূজা করাও ত’ শক্ত হয়ে উঠল, দ্রব্যও ওম আর যাঁকে নিবেদন করা হচ্ছে তিনিও ওম্‌? এ পূজা মন্দ নয়! কর যা ইচ্ছা, তোমার আমি, আর তোমাকে কি বল্‌বো! বল্‌বো না মনে করি তথাপি বলে ফেলি, আর তোমায় নইলে কাকেই বা বল্‌বো? তুমি যখন আমার, তখন যেরূপ ব্যবহার তুমি কর না কেন আমার তা সহ্য করতে হবে বৈকি! তুমি যে আমার, তুমি ত’ আমায় ছেড়ে কোথাও যেতে পারো না, আমি তোমায় ছেড়ে অন্যত্র যাই বলে মনে করি—ভাবি তুমি বুঝি সরে গেছ, তুমি যাবে কোথায়—তোমার যাবার কোন স্থান নেই। 
শ্রীগুরুপ্রকাশন প্রকাশিত ‘শ্রীওঙ্কারনাথ-রচনাবলী’ (১৪ খণ্ড) থেকে

Advertisement
সম্পর্কিত সংবাদ