বাবা, মা দু’জনেই অভিনেতা। কিন্তু ‘নেপোটিজম’-এর কোনও সুবিধে তিনি পাননি। এমনকী শুধুমাত্র ভালো অভিনয়ই যে সুযোগ পাওয়ার একমাত্র মাপকাঠি নয়, সেটা বুঝতেও তাঁর বেশ কিছুদিন সময় লেগেছিল। শচিন এবং সুপ্রিয়া পিলগাওকারের কন্যা শ্রিয়া পিলগাওকার তাই স্ট্রাগল করছেন নিজের পথে। কখনও ‘মির্জাপুর’, কখনও বা ‘ছল কপট’-এর মতো প্রজেক্টে তাঁর অভিনয় দর্শকের পছন্দ হয়েছে ঠিকই। কিন্তু একটা ভালো কাজ, পরের সুযোগ ত্বরান্বিত করেছে, এমন নয়। সদ্য এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেন, ‘আমার সঙ্গে কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পর, অন্য কোনও নামী অভিনেত্রীকে যে সেই চরিত্রে কাস্ট করা হবে না, এমন নয়। এই ভয়টা থাকেই। এখন বরং ভাবি, আমার ভাগ্যে কাজটা লেখা থাকলে পাব, নাহলে নয়।’ শ্রিয়া মনে করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে লড়াইটা প্রতিদিনের। তাঁর বাবা, মা ইন্ডাস্ট্রির যথেষ্ট পরিচিত অভিনেতা। কিন্তু সেকারণে তিনি কোনও বিশেষ সুবিধে পাননি। অভিনেত্রীর কথায়, কেরিয়ারের শুরুর দিকে ভাবতাম, ভালো অভিনয় করলেই সুযোগ পাওয়া যাবে। আসলে তা নয়। ধীরে ধীরে বুঝেছি, বাকিদের কাছে নিজের সম্পর্কে একটা ধারণা তৈরি করাও এই পেশার জন্য প্রয়োজন।’ তবে কোনও আক্ষেপ নেই শ্রিয়ার। বরং প্রতিটি কাজের মধ্যে ব্যালেন্স রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তিনি।



