নয়াদিল্লি: পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে। বারবার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে পর্যন্ত সেকথা জানানো হয়েছে। শ্রীনগরে জনসভাতে একই প্রতিশ্রুতি শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। ইতিমধ্যে ওমর আবদুল্লার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি পালনে কোনও গরজ দেখাচ্ছে না মোদি সরকার। সামনেই সংসদের বাদল অধিবেশন। তার আগেই এই দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখলেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে। বুধবার পাঠানো সেই যৌথ চিঠিতে তাঁরা লিখেছেন, ‘গত পাঁচ বছরে জম্মু ও কাশ্মীরের মানুষ বারবার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি করেছেন। মনে রাখা উচিত, অতীতে কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যে উন্নীত করার বহু নজির রয়েছে। স্বাধীন ভারতে জম্মু ও কাশ্মীরের সঙ্গে যা করা হয়েছে, তার দ্বিতীয় কোনও উদাহরণ নেই। এই প্রথম একটি রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে।’



