নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা। আরও তাৎপর্যপূর্ণ হল ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের বছর। ফলে আগামী ভোট বছরকে সামনে রেখে চলতি বছরের শেষলগ্নেই আগামী লড়াইয়ের রূপরেখা জানান দিতে চলেছে তৃণমূল। একসপ্তাহে পরপর দু’টি মেগা ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ ডিসেম্বর পাঁচ হাজার দলের পদাধিকারীকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সেনাপতি। আর ২৮ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক এযাবৎকালের সর্ববৃহৎ। ওইদিন এক লক্ষ দলীয় কর্মীর সঙ্গে সংযোগ হবে অভিষেকের।
প্রতিবছরই ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে তৃণমূল। ওইদিন দিনভর সামাজিক কর্মসূচি নেন তৃণমূল কর্মীরা। রক্তদান, কম্বল বিতরণ, দুঃস্থদের খাবার প্রদান, জামা-কাপড় দেওয়া, হাসপাতালে ফল-মিষ্টি বিতরণ, শিক্ষণ সামগ্রী প্রদান, গুণীজন সংবর্ধনা, প্রবীণ তৃণমূল কর্মীদের সম্মানজ্ঞাপনসহ নানাবিধ কর্মসূচি থাকে রাজ্যের শাসক দলের। এবছরও ১ জানুয়ারি তৃণমূলের নানান কর্মসূচি থাকবে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হল ভোট-বছর। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আনুষ্ঠানিক প্রস্তুতি ২০২৫ সালের শেষলগ্নেই নিতে চলেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে ১ লক্ষ দলীয় কর্মীর সঙ্গে সংযোগ হবে তৃণমূল সেনাপতির। বুথ লেভেল এজেন্ট, জনপ্রতিনিধি ও দলাীয় পদাধিকারীরা থাকবেন। তাঁদের সঙ্গে কথাবার্তা হবে অভিষেকের। মূলত এসআইআর কেন্দ্রিক বৈঠক সেটি। নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া যে শুনানি পর্ব শুরু হতে চলেছে, সেই বিষয়ে দলের তরফে বেশকিছু নির্দেশ দেওয়া হবে রবিবার ভার্চুয়াল বৈঠক থেকে। এসআইআরের সময়কালে কীভাবে মানুষের পাশে থাকতে হবে, সেসম্পর্কে বার্তা দেওয়া হবে ওই বৈঠক থেকে। বিজেপি ও নির্বাচন কমিশন একযোগে কাজ করছে, এমনই অভিযোগ তৃণমূলের। কমিশনকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ বিজেপি চরিতার্থ করতে চাইছে বলে রাজ্যের শাসক দলের অভিযোগ। এই অবস্থায় ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত রুখতে কর্মসূচি এবং বেশকিছু পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে রবিবার বিকেলে।
তার আগে ২৬ ডিসেম্বর পাঁচ হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে অভিষেকের একটি সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক রয়েছে। উন্নয়নের পাঁচালি শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হবে ওইদিন। গ্রাম-শহর সর্বত্র প্রচার কর্মসূচি নেওয়া হবে। প্রতিটি পাড়া, মহল্লা, এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কাহিনি তুলে ধরবে তৃণমূল।
অন্যদিকে, দলীয় সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক। একাধিক জেলায় সভা, মিছিল করবেন তিনি।