সংবাদদাতা, পুরাতন মালদহ: ৮১ নম্বর জাতীয় সড়কের মালদহের গাজোলের চাঁচলগামী রাস্তা দখল করে ভুট্টা শুকোনোর অভিযোগ উঠেছে। ওই সড়কের আলাল গ্রামের মুড়িয়াকুন্ড এবং শ্রীকৃষ্ণপুর এলাকার রাস্তার উপরে অনেকটা পথ দখল করে ভুট্টা ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। এতে ওই রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। যে কোনও মুহূর্তে ওই এলাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
৮১ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রুটে চাঁচল, রতুয়া রুটে একাধিক বাস চলে। এছাড়াও অটো এবং টোটো, বাইক তো রয়েছেই। আলালের মানুষকে গাজোল সদরে আসতে হলে ওই রুট ধরতে হয়। ওই জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে চাঁচল থেকে ইংলিশবাজার ফিরছিলেন স্বরূপ দাস। তিনি বলেন, রাস্তায় ভুট্টা শুকোতে দেওয়া হয়েছে। বাইকের চাকা স্লিপ করলে লরির সঙ্গে ধাক্কা লাগত। এমনভাবে রাস্তা দখল করে রাখা উচিত নয়। এতে দুর্ঘটনা আশঙ্কা বাড়ছে। ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, ওই রাস্তা দিয়ে পুলিস যাওয়া আসা করে। অনেক সিভিক ভলান্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তাঁদের থানায় রিপোর্ট করা উচিত্। জাতীয় সড়কে ভুট্টা শুকোচ্ছিলেন সিতারা বিবি। তাঁর কথায়, জায়গা নেই বলে ভুট্টা রাস্তায় দিয়ে রেখেছি। গাজোল থানার ট্রাফিক পুলিস জানিয়েছে, আমরা দ্রুত সেখানে অভিযান করব। নিজস্ব চিত্র।