প্রীতেশ বসু, কলকাতা: সম্প্রতি দেশের নীতি আয়োগ ‘সামারি রিপোর্ট ফর দি স্টেট অব ওয়েস্ট বেঙ্গল’ প্রকাশ করেছে। সেই রিপোর্টে মানচিত্র বিভ্রাট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক। রিপোর্টের প্রচ্ছদে বিহারের মানচিত্রকে পশ্চিমবঙ্গের বলে চালানোর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে তোলপাড় শুরু হয়েছে। তবে এই রিপোর্টেই কাজের সুযোগ বৃদ্ধি করে বেকারত্ব কমানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্য কার্যত মেনে নিতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগ। এই রিপোর্টে সাফ বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম। তাৎপর্যপূর্ণ হল, যে সময়কালে বাংলায় বেকারত্বের হার কমার কথা বলা হচ্ছে, সেই সময় বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে মোদি সরকার। ফলে রাজ্যের আর্থিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মশ্রী প্রকল্পের উপর নির্ভর করেই বেকারত্ব কমানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, কেন্দ্রের এই রিপোর্ট বিরোধীদের বেকারত্ব ইস্যুকে কার্যত ভোঁতা করে দিল। এর পাশাপাশি, এ রাজ্যে মানুষের জীবনযাত্রার মানের সার্বিক উন্নয়ন এবং বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান দেশের গড়ের থেকে অনেক ভালো বলেও মেনে নিয়েছে নীতি আয়োগ।



