Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

অস্কারজয়ী প্রথম মহিলা পরিচালক

অস্কারজয়ী প্রথম মহিলা পরিচালক
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘সারা জীবন বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত’—মঞ্চে উঠে কথাগুলি বলছিলেন পরিচালক ক্যাথরিন বিগেলো। চোখের কোণে সামান্য জল। হাসতেও পারছেন না ঠিক করে। তিনি জানেন, ইতিহাস গড়েছেন। প্রথম মহিলা পরিচালক হিসেবে তাঁর হাতে উঠেছে অস্কার। ‘দ্য হার্ট লকার’ ছবির জন্য। ২০১০ সালে। সেনাবাহিনীতে থাকা সমস্ত মহিলা ও পুরুষদের জন্য পুরস্কার উৎসর্গ করেছিলেন পরিচালক। ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ ‘স্তব্ধ’ হয়ে দেখেছিল ক্যাথরিনের বিশ্বজয়, তাঁর উচ্ছ্বাস। সঙ্গে উঠেছিল একটি প্রশ্ন, পরিচালক হিসেবে কোনও নারীকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে অ্যাকাডেমি মঞ্চের ৮২ বছর সময় লাগল! ১৯৭৭ সালে প্রথমবার কোনও মহিলা সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তিনি লিনা ওয়ার্টমিলার। ‘সেভেন বিউটিজ’ ছবির জন্য এই মনোনয়ন পেয়েছিলেন তিনি। এরপর ১৯৯৪, ২০০৪ সালে মনোনয়ন পান জেন ক্যাপিওন ও সোফিয়া কপোলা। ২০১০-এ অবশেষে কোনও মহিলা পরিচালকের হাতে ওঠে অস্কারের ট্রফি। সে বছর ‘অবতার’-এর জন্য সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন জেমস ক্যামেরন। তাঁকে হারিয়ে জিতেছিলেন ক্যাথরিন। বিশ্ব সংবাদ মাধ্যমের একাংশে এই খবর পরিবেশিত হয়েছিল এভাবে—‘প্রাক্তন স্বামীকে পরাস্ত করে অস্কার পেলেন পরিচালক ক্যাথরিন।’ ১৯৮৯ থেকে ১৯৯১। দু’বছর জেমসের সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন ক্যাথরিন। তারপর বিচ্ছেদ হয় তাঁদের। তা সত্ত্বেও দু’জনের বন্ধুত্বের ঘাটতি হয়নি। শোনা যায়, ক্যাথরিনকে ‘দ্য হার্ট লকার’ পরিচালনার উপদেশ দিয়েছিলেন ক্যামেরনই। তারপরও এমন শিরোনামে আহত হয়েছিলেন ক্যাথরিন। হয়তো জেমসও। প্রশ্ন ওঠে, ক্যাথরিন মহিলা বলেই কি এমনভাবে খবর পরিবেশন? ২০১৮ সালে পরিচালক গ্রেটা গেরউইগ অস্কার মনোনীত হয়েছিলেন ‘লেডি বার্ড’ ছবির জন্য। পুরস্কার না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। বলেন, ‘আমার ধারণা, অস্কার পুরুষ-শাসিত। নারীদের উত্থান তাঁরা দেখতে চান না।’ এই মন্তব্যে বিস্তর বিতর্ক হয়েছিল সে সময়। তবে একটি পরিসংখ্যান উদ্বিগ্ন করে সিনেপ্রেমীদের। অস্কারের ৯৭ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন মাত্র ১০ জন মহিলা!

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ